মাগুরা প্রতিনিধি ।।
মাগুরার মহম্মদপুর উপজেলার শেখ হাসিনা সেতু সংলগ্ন মধুমতি নদীতে সোমবার (৪ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। এ উপলক্ষে নদীর দুই পাড়ে বসে গ্রামীণ মেলা। এ নৌকাবাইচ ও গ্রামীণ মেলা দেখতে মধুমতির তীরে লাখো মানুষের ঢল নামে।
মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার মেলার উদ্যোক্তা। তার প্রয়াত বাবা বিহারী লাল শিকদারের নামে মেলার নামকরণ করা হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মাগুরা, গোপালগঞ্জ, নড়াইল, ফরিদপুর, পাবনা, রাজবাড়ী ও খুলনা জেলার মোট ১০টি নৌকা এ প্রতিযোগিতায় অংশ নেয়। ধলিজুড়ী, ভোলানাথপুর, রুইজানী, গোপালনগর, জাঙ্গালিয়া ও ধুপুড়িয়া গ্রামে মধুমতির দুই তীরে অন্তত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে লাখো দর্শকের সমাগম ঘটে। মধুমতির দুইপাড়ে লাখো দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ের দৃশ্যও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। সংসদ সদস্য ড. বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে নৌকাবাইচ প্রতিযোগিতার ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে একই স্থানে বাংলা সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস গান ও নৃত্য পরিবেশন করে দর্শনার্থীদের মন কাড়েন। আবহমান বাংলার চিরন্তন এ দৃশ্য অন্যরকম উপভোগ্য হয়ে ওঠে। প্রতি বছরই এমন আয়োজনের দাবি জানান দর্শনার্থীরা।











































