সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে জাল ওয়ারেশ কায়েম সার্টিফিকেট তৈরী করে ধরা খেয়েছে আব্দুল হান্নান (৫৭) নামের এক প্রতারক। তার বিরুদ্ধে ওই ভূয়া কাগজপত্র ভূমি অফিসে জমা দিয়ে অন্য ওয়ারেশ ৬ বোনকে ফাঁকি দিয়ে জমির নামজারি করার অপরাধ ধরা পড়ে। এ অপরাধ প্রমানিত হওয়ায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ভূপালী সরকার মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জাল কাগজপত্র তৈরীর অপরাধে ৫’শ টাকা জরিমানা ও একদিনের জেল প্রদান করেন। এদিকে রক্তের ভাই হয়ে ৬ বোনকে জমি ফাঁকি দিলেও বোনেরা রক্তের টানে ভাইয়ের শাস্তি চাননি। একই বলে রক্তের টান এ কথাটি এখন এলাকার সকলের মুখে মুখে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ভূপালী সরকার জানান, হেলাই গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র আব্দুল হান্নান একটি জাল ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দিয়ে কালীগঞ্জ ভূমি অফিসে জমা দিয়ে তার ভাই ও মাসহ ৩ জনের নামে জমির নামজারি সম্পন্ন করে। অভিযুক্ত হান্নান তার মৃত পিতার জমিতে অন্যান্য শরিক আপন ছয় বোনের নাম গোপন রেখে ২০১৭ সালে কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মরহুম মকছেদ আলীর স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে জাল সার্টিফিকেট দিয়ে নামপত্তনটি করেছিল। কিন্তু এর ৩ বছর পর তার বোনেরা জানতে পেরে কালীগঞ্জ ভূমি অফিসে জমির জন্য অভিযোগ করেন। তারা গত ০৯/০৩/২০ ইং তারিখে বর্তমান পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ স্বাক্ষরিত মৃতঃ আব্দুল মান্নানের অংশিদার ৯ জন শরিকের নাম দিয়ে একটি ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দেন। যা ভূমি জমা দেয়ার পর আসল তথ্য বেরিয়ে আসে।
ভুপালী সরকার আরও জানান, মৃত আব্দুল মান্নানের ১৭ শতক জমির জন্য দুই মেয়রের স্বাক্ষরিত দু ধরনের ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দেখে সন্দেহ হয় এবং যে কোন একটি ভূয়া বলে মনে করেন। এরপর তিনি মঙ্গলবার দুপুরে তার ভূমি অফিসে শুনানীতে বসেন। সেখানে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানীর পর মেয়র মকছেদ আলী স্বাক্ষরিত ওয়ারেশ কায়েম সার্টিফিকেটটি জাল প্রমানিত হয়। তিনি তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত আব্দুল হান্নানকে ১ দিনের জেল ও ৫’শত টাকা জরিমানা করেন। এ সময় কালীগঞ্জ থানার এস আই সাগর শিকদার সহ ওই গ্রামের সুধিজনেরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নিজেদের জমি আপন ভাই ফাঁকি দিতে চেলেও তারা জমি চেয়েছে। কিন্ত বোনেরা কেউ ভাইয়ের শাস্তি চায়নি। এটাতেই অপরাধী ভাইয়ের বিবেকের চোখ খুলেছে। একেই বলে রক্তের টান কথাটি এলাকার মানুষের মুখে মুখে।











































