Home আঞ্চলিক সাতক্ষীরার তালায় ১শ ৮৮ টি পূজামন্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

সাতক্ষীরার তালায় ১শ ৮৮ টি পূজামন্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

14

ইলিয়াস হোসেন, তালা (সাতক্ষীরা) ।।

করোনা (কোভিড-১৯) ভাইরাসের প্রাদুর্ভাব ও দেশে লকডাউন পরিচালিত হওয়ার কারণে গতবছর দুর্গাপূজা উৎসব ও আমেজের সাথে করতে পারেনি হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাই এবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা পালন করতে চলছে জোর প্রস্তুতি। সেই প্রস্তুতির অংশ হিসেবে সাতক্ষীরা তালা উপজেলায় ১শ ৮৬টি মন্ডপে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন ভাস্কররা। প্রতিমা তৈরিতে সৌন্দর্য, চাকচিক্য, ভিন্নতার মধ্য দিয়ে সর্বাধিক প্রশংসার অধিকার লাভ করার জন্য উপজেলার প্রতিটি মন্ডপে চলছে প্রতিযোগিতা। খড়, কাদামাটি ও বাঁশের সাহায্যে তাদের নিজস্ব শৈল্পীক সৌন্দর্যের নিখুঁত হাতের ছোঁয়া লাগিয়ে চলছে দুর্গতিনাশিনী দেবী দুর্গার আকৃতিদান। দেবী দুর্গার সাথে ধনের দেবী লক্ষ্মী, জ্ঞানের দেবী সরস্বতী, গনেশ, অসুর, মহিষ, কার্তিক, সিংহের মৃন্ময় তৈরী হচ্ছে। বিভিন্ন প্রতিমায় আনা হচ্ছে আধুুনিকতার চমক।

পঞ্জিকা বলছে, ২০২১ সালে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুরু হবে ১১ অক্টোবর। তার আগে ৬ অক্টোবর মহালয়ায় দেবীপক্ষ। ১১ অক্টোবর ষষ্ঠীতে দুর্গাপূজা শুরু হবে, চলবে ১৫ অক্টোবর দশমী পর্যন্ত। এর মধ্যে ১২ অক্টোবর সপ্তমী, ১৩ অক্টোবর অষ্টমী ও ১৪ অক্টোবর নবমী।

তালা উপজেলার ২টি থানার অধীন ১২টি ইউনিয়নে মোট ১৮৮টি পূজামন্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইউনিয়ন ভিত্তিক ভাগে ধানদিয়া ইউনিয়নে ১৭টি, নগরঘাটা ইউনিয়নে ০৯টি, সরুলিয়া ইউনিয়নে ১০টি, কুমিরা ইউনিয়নে ১৩টি, তেঁতুলিয়া ইউনিয়নে ০৮টি, তালা সদর ইউনিয়নে ২২টি, ইসলামকাটি ইউনিয়নে ২০টি, মাগুরা ইউনিয়নে ১০টি, খলিষখালী ইউনিয়নে ২০টি, খেশরা ইউনিয়নে ১৪টি, জালালপুর ইউনিয়নে ১৩টি ও খলিলনগর ইউনিয়নে ২০টি পূজা মন্ডপে চলছে প্রতিমা তৈরীর কাজ।

সরজমিনে প্রতিমা তৈরীরত ভাস্কররা জানান, প্রতিমা তৈরীতে পৌরাণিক কাহিনীকে নানা আদলে ফুটিয়ে তুলার চেষ্টা চলছে। কারুকার্যতা শেষ হলে রং তুলির নিখুঁত আচঁড়ে ফুটিয়ে তোলা হবে। প্রকৃত রূপে তোলা হবে নাক, কান, চোখ, মূখ ইত্যাদি দিয়ে। তবে এই কাজে পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক পর্যাপ্ত না হলেও দৃষ্টিনন্দন সুন্দর প্রতিমা তৈরি করতে মনের মাধুরী দিয়ে কাজ করে যাচ্ছি।

তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও নববির্নাচিত খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রতিবারের মতো এবারও প্রশাসনের সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা পাওয়ার আশাবাদ ব্যক্ত করছি। সরকারিভাবে যে অনুদান আসে তা অতিদ্রুতই মন্ডপ কমিটির কাছে পৌঁছে দেয়া হবে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, দুর্গাপূজায় আইন-শৃংখলা রক্ষায় সর্বাত্মক চেষ্টা করা হবে। পূজামন্ডপগুলোয় সাধারণত তিন ভাগে বিভক্ত করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে থাকে। এবারও পুলিশ সদস্য ও আনসার ভিডিপি সদস্যদের কঠোর নজরদারী থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে বলে জানান তারা।