মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
বাগেরহাটের রামপালে বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া সেই শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কবীর হোসেন। শুক্রবার দুপুরে বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলার পেড়িখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিগিরমোল্লা ও সিংগড়বুনিয়া গ্রামের দুইটি বাড়ীতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেই দুই শিক্ষার্থীর মধ্যে একজনের হাতে রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুলে দেন প্রয়োজনীয় সকল শিক্ষা সামগ্রী উপকরণাদী। এ সময় শিক্ষার্থীর অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। ইউএনও মো: কবীর হোসেন বলেন, বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া এই শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব এখন আমাদের। তাদের একজনে শিক্ষা সামগ্রী দেয়া হয়েছে। বাকীজন খারাপ আবহাওয়ায় আসতে পারেনি। তাকেও আমরা এ সহায়তা প্রদাণ করবো। এছাড়া তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণসহ সকল ধরণের সহায়তা প্রদাণ করা হবে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগে তাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, বাসিন্দা ও অভিভাবকেরা।











































