মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
বাগেরহাটের রামপালে মা ইলিশ সংরক্ষণে করণীয় নিয়ে জরুরী প্রস্তুতি সভা করেছেন উপজেলা প্রশাসন। রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহসহ তার দপ্তরের অন্যান্যা কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে মা ইলিশ সংরক্ষণে স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টিতে উপজেলা জুড়ে মাইকিং প্রচারণা ও লিফলেট বিতরণ করছেন মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্টরা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বেচা-কেনা ও সংরক্ষণ করা সম্পূর্ণ বেআইনি।
তাই এই কাজটি যাতে কেউ না করেন সেজন্য সকল জায়গায় প্রচারণা শুরু করা হয়েছে। কেউ এই সময়ে এ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, মা ইলিশ সংরক্ষণ নিয়ে রবিবার বিকেলে ইউএনও মোঃ কবীর হোসেন স্যারও আমাদেরকে নিয়ে সভা করেছেন এবং এই সময়টাতে আমাদের করণীয় নিয়ে দিক নির্দেশনাও দিয়েছে। তাই আশা করছি জেলে, ক্রেতার বিক্রেতা ও আড়ৎ মালিকেরা ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সরকারের নির্দেশনা মেনে চলবেন।











































