গোপালগঞ্জ প্রতিনিধি।।
গোপালগঞ্জে সুব্রত সাহা (৩২) নামে এক চিকিৎসককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কাশিয়ানী উপজেলা পশুসম্পদ অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত ওই চিকিৎসক কাশিয়ানী উপজেলা ১শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। তাকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চিকিৎসক সুব্রত সাহা বলেন, ‘প্রতিদিনের মত আমি বিকেলে ঘুরতে বের হয়েছিলাম। সন্ধ্যার দিকে কাশিয়ানী বাসষ্ট্যান্ড থেকে কাঁচাবাজার করে ওই সড়ক দিয়ে বাসায় ফিরছিলাম। এ সময় একটি মাইক্রোবাস থেকে ৫/৭ যুবক নেমেই আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তারা মাইক্রোবাসে করে আবার পালিয়ে যায়।
ওই চিকিৎসক আরো বলেন, ‘স্থানীয়রা আমাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্মরত চিকিৎসকরা আমাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে কি কারণে আমার ওপর হামলা করা হয়েছে তা বুঝতে পারছি না।’
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুহাম্মদ ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে হামলার কারণ জানা যায়নি বলে জানান ওই কর্মকর্তা।
কাশিয়ানী উপজেলা ১শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তাপস বিশ্বাস বলেন, ডা. সুব্রত সাহার দুই হাতে ধারালে অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া তার পায়ের ডান উরুতে কোপানো হয়েছে। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এটি বন্ধ করা যায়নি। তাই আশঙ্কাজনক অবস্থায় তাকে রাত ৮ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।











































