স্টাফ রিপোর্টার ।।
খুলনার সরকারি বিএল কলেজের সাবেক অধ্যক্ষ কে আনাম (৮৫)। তার সহধর্মিণী শাহনেওয়াজ বেগম (৮০) একই কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন। এই শিক্ষক দম্পতি অবসরে গেছেন প্রায় দুই যুগ হতে যাচ্ছে।
খুলনার দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়া গ্রামের হোসেন শাহ রোডের নিজ বাড়িতে বসবাস করছেন তারা। দোতলা বাড়িতে তাদের সঙ্গী এক নারী গৃহকর্মী ও চিকিৎসাসহ অন্যান্য কাজে সহযোগিতার জন্য একটি ছেলে। শিক্ষক দম্পতির ছেলেমেয়ে, নাতি-নাতনি, সামাজিক মর্যাদা, অর্থবিত্ত সবই রয়েছে। তবে জীবনের শেষ সময়ে কাছে নেই কেউ। সন্তানদের কাছে না পাওয়ার হাহাকার তাদের চোখে-মুখে স্পষ্ট। তবে এ দম্পতির কামনা সন্তান ও নাতি-নাতনিরা সবাই যেখানে আছে ভালো থাকুক।
তারা গনমাধ্যমকে জানান, দুই মেয়ে এবং এক ছেলের মধ্যে বড় মেয়ে এবং ছেলে থাকেন আমেরিকায়। ছোট মেয়ে মারা গেছে ছয় বছর আগে। ছেলে-মেয়ে দুজনই সেখানকার নাগরিক। সন্তান ও নাতি-নাতনিদের সঙ্গে এ দম্পতির প্রতিদিনই যোগাযোগ হয় ভার্চুয়াল মাধ্যমে। জীবনের শেষ সময় তাদের সঙ্গে কাটাতে মন চাইলেও ব্যস্ততার কারণে তা হয়ে উঠছে না। সময়ের অভাবে সন্তানরা দেশে আসতে পারে না।
অবশ্য বড় মেয়ের সহযোগিতায় একবার আমেরিকায় গিয়েছিলেন তারা। তবে খুব একটা ভালো লাগেনি তাদের। সেখানকার সবকিছুই যান্ত্রিক। তাদের কাছে নিজ জন্মভূমিই ভালো। শিক্ষক দম্পতি ১৯৬২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের দুটি পরিবারই ছিল সম্ভ্রান্ত। কে আনাম ১৯৬৫ সালে রাজশাহী সরকারি কলেজ এবং শাহনেওয়াজ বেগম ১৯৭১ সালে খুলনার বয়রা সরকারি মহিলা কলেজে চাকরি জীবন শুরু করেন।
সচ্ছল এ দম্পতি সন্তানদের লেখাপড়ার বিষয়ে খুবই সচেতন ছিলেন। যার বদৌলতে বড় মেয়ে শিরিনাজকে ডাক্তার ও ছোট মেয়ে তিথিকে ইঞ্জিনিয়ার করতে পেরেছিলেন। একমাত্র ছেলে সাব্বির আনাম নিউইয়র্কে পুলিশ হিসাবে কর্মরত। এটা তাদের একটা আত্মতৃপ্তি। তবে দুর্ঘটনাজনিত কারণে ২০১৫ সালে ছোট মেয়ে মারা যান। তার স্বামী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন।
তারা জানান, তাদের ছেলে সাবিরুল আনাম নিউইয়র্কে নেওয়ার জন্য ব্যবস্থা করছেন। ছেলে-মেয়ে চায় তারা বিদেশে চলে যাক। কিন্তু শিক্ষক দম্পতির শারীরিক ও মানসিক অবস্থা খুবই নাজুক। নিজেরা কিছুই করতে পারেন না। রান্নাসহ অন্যান্য কাজ করে গৃহকর্মী। অনেক সময় তাদের শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হলে সঙ্গে সঙ্গে অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হয়। তাই বাসায় অক্সিজেনের সিলিন্ডার রাখা হয়েছে। প্রতিবেশী একটি ছেলে চিকিৎসার কাজে তাদের সহযোগিতা করছেন।











































