Home আঞ্চলিক পদ্মায় জেলের জালে ৩৭ কেজির বাঘাইড়

পদ্মায় জেলের জালে ৩৭ কেজির বাঘাইড়

11

খুলনাঞ্চল রিপোর্ট।।

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে ৩৭ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। রোববার ভোর রাতে দৌলতদিয়ার পদ্মা নদীর চর কর্নেশনা এলাকায় মানিকগঞ্জের জেলে গোবিন্দ হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাটের এক মাছ ব্যবসায়ী কাছে মাছটি ৪৮ হাজার ১০০ টাকায় বিক্রি করেন তিনি।

জেলে গোবিন্দ হালদার জানান, শনিবার রাতে পদ্মায় জাল ফেলেন। ভোর রাতে জালটি টেনে তুলতেই বিশাল আকারের বাগাইড় মাছটি ধরা পড়ে।

গোবিন্দ আরও জানান, সকালে মাছটি বিক্রি করার জন্য দৌলতদিয়া ঘাটে রেজাউল ইসলামের আড়তে যান। পরে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেন।

জেলে গোবিন্দ বলেন, দীর্ঘদিন ভালো মাছ না পেয়ে বেশ কিছু দায়দেনা হয়ে গিয়েছিলাম। মাছটা পেয়ে আমার বিরাট উপকার হলো। এখন দেনাগুলো পরিশোধ করেও সংসারের জন্য কিছু করতে পারব।

দৌলতদিয়া ঘাটের মাছে আড়তদার রেজাউল ইসলাম জানান, মাছটি সর্বোচ্চ দরদাতা হিসেবে ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৩০০  টাকা কেজি দরে কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, পদ্মার বড় মাছের চাহিদা অনেক। মাছটি কিছু লাভে বিক্রির জন্য ফেরিঘাটের পন্টুনে বেঁধে রেখেছি। মাছটি বিক্রির জন্য পরিচিতদের সাথে মুঠোফোনে যোগাযোগ করছি।

এর আগে শনিবার বিকেলে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৬নং ফেরি ঘাট এলাকায় পদ্মা নদীতে আব্দুল খালেক নামের এক জেলের জালে ধরা পড়ে ৩৫ কেজি ওজনের একটি বাগাইড় মাছ। পরে সেই মাছটি ৪৫ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।