Home আঞ্চলিক ইজিবাইক চালক আইয়ুব হত্যা মামলার আসামী রানার স্বীকারোক্তি

ইজিবাইক চালক আইয়ুব হত্যা মামলার আসামী রানার স্বীকারোক্তি

10

স্টাফ রিপোর্টার ||

খুলনা জেলার উপজেলার বিরাট গ্রামের মোনতাজ আলী মোল্লার ছেলে ইজিবাইক চালক  আইয়ুব আলী মোল্লা হত্যা মামলার আসামী আলাউদ্দিন চৌধুরী ওরফে রানা আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা বটিয়াঘাটা থানার এসআই মো. আবু জাফর আসামীকে আদালতে হাজির করেন। এসময় রানার দেয়া ফৌজদারী কার্যবিধির  ১৬৪ ধারার স্বীকারোক্তিমুলক জবানবন্দি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. মনিরুজ্জামান রেকর্ড করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা বটিয়াঘাটা থানার এসআই মো. আবু জাফর জানান, আইয়ুবের লাশ পাওয়ার পর বটিয়াঘাটা উপজেলায় সোর্স নিয়োগ করা হয়। আইয়ুব ওই এলাকার মাসুদের ইজিবাইক চালাতো। মাসুদ শুক্রবার সকালে ভিকটিমের ব্যাপারে ফোন দেয় রানাকে। অপর প্রান্ত থেকে জানানো হয়, তার কোন খবর নেই। এরপর ফোন বন্ধ রাখে সে। রানার ওপর সন্দেহ হয় বাইক মালিকের। কারণ তারা একে অপরের খুব ঘনিষ্ঠ। এর আগে ঘটনার দিন রাতে পুরোনো ইজিবাইক ক্রয় করার কথা বলে মল্লিকের মোড়ে নুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ থেকে ১১ শ টাকার বিনিময়ে সমস্ত ইজিবাইক পার্ট পার্ট করে কেটে ফেলে সে। এরপর সেগুলো আবার বিক্রি করে দেয় রানা। মল্লিকের মোড় থেকে ঘটনাটি জানাজানি হলে পালিত মায়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় রানাকে।

মামলার বিবরণে জানা যায়, আইয়ুবের কাছে ২৬ হাজার টাকা পেত আলাউদ্দীন রানা । টাকা দিতে বিলম্ব হওয়ায় তাকে হত্যার পরিকল্পনা করে সে। পরিকল্পনা অনুযায়ী ২৩ সেপ্টেম্বর  বিকেল ৩টার দিকে আইয়ুবকে মোবাইল করে রানা। ফোন পেয়ে মল্লিকের মোড়ে উপস্থিত হয় আইয়ুব। এরপর পানখালী গ্রামের দিকে যাওয়ার উদ্দেশে দু’জন রওনা হয়। রাতে এক সঙ্গে খাওয়া দাওয়াও করে তারা। রাত পৌনে ১১ টার দিকে ছয়ঘড়িয়া খালপাড় মসজিদ সংলগ্ন সুলতান আক্তারের খালি প্লটে নিয়ে যায় ভিকটিমকে। এরপর একটি ভারী হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করতে থাকে রানা। মৃত্যু নিশ্চিত ভেবে রানা ইজিবাইক চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে নিহতের ইজিবাইক মল্লিকের মোড়ে এনে ভেঙ্গে চুরে তা বিক্রি করে রানা। এ ঘটনায় নিহতের মা শুক্রবার আলাউদ্দিন চৌধুরী রানার নাম উল্লেখ করে বাটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন।