পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় গত তিন দিনে ভারি বর্ষনে উপজেলার বিভিন্ন এলাকার নিন্মাঞ্চাল জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলি জমি, ঘরবাড়ি, মৎস ঘের ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ প্লাবিত হয়েছে। জানাগেছে, গত রবিবার ভোর থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ভারি বর্ষনে উপজেলার গদাইপুর, রাড়ুলী, সোলাদানা, লস্কর, গড়ইখালী, হরিঢালীসহ কয়েকটি ইউনিয়নের নিন্ম অঞ্চল প্লাবিত হয়ে ফসলি জমি, কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে। গদাইপুর ইউপির মঠবাটী গ্রামের কল্লোল মল্লিক জানান, অতি বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দরিদ্র প্রকাশ বিশ্বাসের মাটির ঘরটি ধ্বসে পড়েছে। তারা পার্শ্ববর্তী উত্তম বিশ্বাসের বাড়িতে আশ্রয় নিয়েছে। রাড়ুলী ইউনিয়নের মোঃ শাহিনুর রহমান জানান, টানা বৃষ্টির কারণে বাঁকা-ভবানিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি পানিতে তলিয়ে গেছে। কমলমতি শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না। সোলাদানা ইউনিয়নের রকি বিশ্বাস জানান, অতি বৃষ্টির কারণে আমার মৎস্য ঘের তলিয়ে গেছে। ভেসে গেছে কয়েক লক্ষ টাকার মাছ। গড়ইখালী ইউপির শিক্ষক হাফিজুল ইসলাম জানান, এলাকায় প্রবল বৃষ্টির কারণে অনেক ফসলি জমির ফসল নষ্ট হয়েছে। কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। হরিঢালী ইউনিয়নের কৃষক জুলফিকার আলী শেখ জানান, আমার এক বিঘা জমিতে পেঁপে গাছ লাগিয়েছিলাম। গাছ ভরা পেঁপেও ছিল। অতি বৃষ্টির কারণে পানি জমে কিছু গাছ উপড়ে পড়েছে আবার কিছু গাছ মরে যাওয়ার উপক্রম হয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায় জানান, অতি বৃষ্টিতে কিছু ধান,সবজি ক্ষেত নষ্ট হয়েছে। কি পরিমান ক্ষতি হয়েছে তা জানা যায়নি। উপজেলা সহকারী শিক্ষা অফিসার ঝঙ্কার মল্লিক বলেন, বাঁকা সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ কয়েকটি বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকার কারণে শিক্ষার্থীদের স্কুলে যেতে সমস্যা হচ্ছে তবে খুব তাড়াতাড়ি মাঠ উচু করার ব্যবস্থা করা হবে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস জানান, নিন্ম চাপের ফলে নদীতে ভাঁটায় পানি অপসরণ না হওয়ায় কিছু নিন্ম এলাকার মৎস ঘের তলিয়ে ক্ষয়-ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, সাগরের নিন্ম চাপের কারণে উপকূলীয় এলাকায় অতি বৃষ্টি হয়েছে। ফলে কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। নদীতে পানি বৃদ্ধি হয়েছে। দ্রুত পানি নিস্কাসনের ব্যাবস্থা করা হচ্ছে।











































