স্টাফ রিপোর্টার ।।
নগরীর লবণচরায় ইজিবাইক গ্যারেজ ম্যানেজার মোঃ শামীম হত্যার ১২ ঘন্টার মধ্যে রহস্য উন্মোচন, আসামিকে গ্রেফতার ও আলামত উদ্ধারের স্বীকৃতি স্বরূপ ৬ পুলিশ কর্মকর্তাকে পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর দপ্তরে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা এ নগদ অর্থের পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন কেএমপির ডেপুটি কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত ডেপুটি কমিশনার (দক্ষিণ) সোনালী সেন, লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর কুমার সরকার, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহিম, আসামি গ্রেফতারে সহায়তাকারী অফিসার এসআই সুকান্ত দাশ ও এসি অফিস (খুলনা জোন) এএসআই রবিউল ইসলাম। কেএমপি কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা বলেন, খুব দ্রুত মামলার রহস্য উদ্ঘাটন ও প্রকৃত আসামিদের আইনের আওতায় সোপর্দ করায় তাদেরকে অনুপ্রাণিত করতে পুরস্কার প্রদান করা হয়েছে। আমাদের গাইড লাইন ও নির্দশনা এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় কোন ক্রাইম দ্রুততম সময়ের মধ্যে উদ্ঘাটন করা হচ্ছে পুলিশের কাজ। এই মামলায় ক্ষেত্রে সর্ব অংশে সেটিই প্রমাণিত হয়েছে। যারা উদ্ঘাটন করেছে তাদের ডেডিকেশন ছিল, তারা নিরলসভাবে কাজ করে স্বল্প সময়ের মধ্যে মামলার রহস্য উন্মোচন করেছে। এ মামলায় দ্রুত বিচার এবং আসামিদের শাস্তি হবে সেই আশা করি।
লবণচরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর কুমার সরকার বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা ও সহায়তায় এবং আমাদের নিরলস প্রচেষ্টায় দ্রুততম সময়ের মধ্যে মামলার প্রকৃত রহস্য উন্মোচন করা সম্ভব হয়েছে। প্রকৃত আসামিকে আইনের আওতায় আনতে পেরে খুব ভালো লাগছে। নিহতের পরিবারও পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন।
পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এম ফজলুর রহমান, অতিরিক্ত কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, ডেপুটি কমিশনার (উত্তর) মোলা জাহাঙ্গীর হোসেন এবং ডেপুটি কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে মহানগরীর লবণচরা থানাধীন মোহাম্মাদনগর বাবলু সড়কে ইজিবাইকের গ্যারেজ থেকে শামীমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত শামীমের বাবা মামলার বাদী মুজিবর মোড়লের এজাহারের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় আসামি আরাফাত হোসেন নামে এক যুবককে গ্রেফতার করা হয়। গত বুধবার রাতে চার্জিং পয়েন্টে কেউ না থাকার সুযোগে শামীমকে হত্যা করা হয়।











































