বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। অপর একজনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ঝিনাইদহ-যশোর মহসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর বটতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের মৃত জাহাবক্সের ছেলে ভ্যান চালক মহিদুল ইসলাম (৫০) ও একই উপজেলার পিরোজপুর গ্রামের মোশারেফ হোসেনের স্ত্রী ভ্যানের যাত্রী তাসলিমা বেগম (৩৫)।
এ ঘটনার পর এলাকার বিক্ষুব্ধ জনতা প্রায় ৪০ মিনিট মহাসড়কটি অবরোধ করলে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে রাস্তার দ’ুপাশে শত শত যানবহন আটকে পড়ে যানজটের সৃষ্টি হয়। সাথে সাথে ঘাতক বাসটিকে আটক করে। এ সংবাদ পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, সকাল ১০টার দিকে কালীগঞ্জ থেকে শাপলা পরিবহনের একটি যাত্রীবাহি বাস যশোরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে বাসটিতে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক মহিদুল ইসলাম মারা যান। আহত দু’জনকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে তাসলিমা বেগম নামের অপর একজন ভ্যানের যাত্রী মারা যান।











































