Home আঞ্চলিক পাউরুটি বিস্কুট তৈরীতে মেশানো হচ্ছে ক্ষতিকর রাসায়নিক: ৫০ হাজার টাকা জরিমানা

পাউরুটি বিস্কুট তৈরীতে মেশানো হচ্ছে ক্ষতিকর রাসায়নিক: ৫০ হাজার টাকা জরিমানা

12

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মুসলিম বেকারীর তৈরীকৃত খাবারে স্থানীয় মানুষের আস্থা অনেক দিনের। প্রতিষ্ঠানটির তৈরীকৃত বেকারী খাদ্যে ছিল ব্যাপক চাহিদাও। বাবা চাচার সে ঐতিহ্যের ব্যবসা ধরে রেখেছিলেন ছেলেরা। কিন্ত তাদের ছেলেরা এখন এ বেকারী একাংশে যারা পরিচালনা করছেন তাদের কর্মকান্ডে আস্থাশীল সেই মানুষেরাই আজ হতবাক। কেননা বেকারীর একাংশের পাউরুটি বিস্কুট তৈরীর কারখানায় মেশানো হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর ইউরিয়াসহ রাসায়নিক দ্রব্য। যে কারনে জেলা প্রশাসন ও র‌্যাবের যৌথ অভিযানে মঙ্গলবার দুপুরে সরাসরি উদ্ধার করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিন্নাতুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমান আদালতে জরিমানা গুনতে হয়েছে ৫০ হাজার টাকা ও অনাদায়ে ৩ দিনের কারাদন্ড দেন। বেকারীর কারখানায় ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোহম্মদ শরিফুল ইসলাম ও র‌্যাবের এএসআই,তারেক আমান বান্নার নেতৃত্বে পরিচালিত র‌্যাবের একটি টিম ঝিনাইদহ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের সহযোগীতায় বেকারিটি থেকে মানদেহের জন্য ক্ষতিকর দ্রব্য উদ্ধারে অংশ নেন। পরে বিকাল ৩ টার দিকে শহরের চিত্রানদীতে ফেলিয়ে দিয়ে তা ধবংস করা হয়।

শহরের ফয়লা গোহাটা রোডস্থ বেকারীর একাংশে অভিযান চলাকালীন সময়ে চারপাশে ভীড় করা উৎসুক লোকজন মিডিয়াকর্মিদেরকে বলেন, এ বেকারীর তৈরীকৃত রুটি বিস্কুটে মানুষের খুব আস্থা অনেক দিনের। কিন্ত আজকের অভিযানে যা উদ্ধার করা হলো মানুষ তা দেখে ও শুনে হতবাক হয়েছে। মানুষের জীবন নিয়ে এটা কালীগঞ্জের মানুষের আস্থার জায়গায় কুড়ালের আঘাতের মত।

ঝিনাইদহ- র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোহম্মদ শরিফুল আহসান জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে, দীর্ঘদিন ধরে কালীগঞ্জের মুসলিম বেকারীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে পাউরুটি, বিস্কুটসহ অন্যান্য খাদ্য সামগ্রী তৈরী করে পাইকারী বিক্রি করা হচ্ছে। এরপর মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে বেকারীটিতে অভিযান চালিয়ে খাদ্যে ব্যবহৃত ইউরিয়াসহ অন্যন্য রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিন্নাতুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমান আদালতে বেকারীর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদয়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। পরে এগুলো জনসম্মুখে চিত্রানদীতে ফেলে নষ্ট করা হয়।