বিশেষ প্রতিনিধি , ঢাকা।।
নির্বাচন কমিশন (ইসি)-কে আইনের অধীনে বিধি প্রণয়নের ক্ষমতা দিয়ে ‘জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১’ সংসদে পাস হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) আইনমন্ত্রী আনিসুল হক বিলটি সংসদে পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই এটি আইনে পরিণত হবে।
বাংলায় আইন করতেই মূলত বিলটি পাস হয়েছে বলে জানা গেছে। এই আইন কার্যকর হলে ১৯৭৬ সালের এই সংক্রান্ত ‘অর্ডিনেন্স’ রহিত হবে। বিদ্যমান আইনের আটটি ধারার স্থলে নতুন আইনে নয়টি ধারা থাকছে। নতুন ধারাটিতে ইসিকে বিধি প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে।
আঞ্চলিক নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের বিষয়ে নতুন আইনে বলা হয়েছে, সংবিধানের ৬৫(২) অনুচ্ছেদে উল্লিখিত সংখ্যক সংসদ সদস্য নির্বাচিত করতে পুরো দেশকে উক্ত সংখ্যক একক আঞ্চলিক নির্বাচনী এলাকায় ভাগ করা হবে। এক্ষেত্রে ভৌগলিক অখণ্ডতা বজায় রাখা এবং আদশশুমারির ভিত্তিতে যতোদূর সম্ভব বাস্তবভিত্তিক বণ্টনের কথা বলা হয়েছে।
বিলে বিদ্যমান আইনের ৮ নম্বর ধারায় একটি উপধারা যুক্ত করা হয়। সেখানে বলা আছে, “দৈব-দুর্বিপাকে বা অন্য কোনো কারণে আঞ্চলিক সীমানা নির্ধারণ করা না গেলে বিদ্যমান সীমানার আলোকে নির্বাচন অনুষ্ঠিত হবে।”
বিলের ৭ ধারায় বলা হয়েছে, ইসির সীমানা নির্ধারণের বিষয় নিয়ে দেশের কোনো আদালত বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলা যাবে না।
আইনটির বিষয়ে কথা হলে ইসি’র আইন সংস্কার কমিটির প্রধান ও নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেন, আগে যে অর্ডিন্যাসটি ছিলো সেটিকে আমরা বাংলায় করেছি এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আইন করা উদ্যোগ নিয়েছি। সংসদে এটি পাস হয়েছে শুনেছি। নতুন কিছু সংযোজন করেছে কি না সেটি এখনো জানি না।
দৈব-দুর্বিপাকে বা অন্য কোনো কারণে সীমানা পুনর্নির্ধারণ করা না গেলে বিদ্যমান সীমানার আলোকে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে তিনি বলেন, মহামারির কারণে পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে থাকে, তাহলে কমিশন যাতে একটা সিদ্ধান্তে আসতে পারে, সেজন্য এটি রাখা হয়েছে।
তিনি বলেন, দৈব-দুর্বিপাকে কমিশন যদি মনে করে যে, নতুন করে সীমানা পুনর্নির্ধারণ করা যাচ্ছে না, আগের সীমানা নিয়ে যদি কারো কোনো আপত্তি না থাকে, নতুন কিছু সংযুক্ত না হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তো কমবেশি ওই রকমই থাকে। খুব যে একটা পরবর্তন হয় তা কিন্তু নয়। আমরা যে গতবার সীমানা পুনর্নির্ধারণ করেছি, সেখানে যে একেবারে সবকিছু পরিবর্তন হয়েছে তা কিন্তু নয়। নতুন এলাকা যুক্ত হলে সেই জায়গাগুলোতে হয়তো কারেকশন করা হয়। না হলে মোটামুটি একই থাকে।
ইসি কর্মকর্তারা জানান, এই আইন হওয়ার পর ইসি’র ক্ষমতা একই থাকছে। কারণ এতে নতুন কিছু নেই। এটি শুধু ইংরেজি থেকে বাংলা করা হয়েছে। যেকোনো আইন করা হলে সেটির বিধিও করতে হয়। এটি নতুন কিছু না।
কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসি একাদশ জাতীয় সংসদের আগে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইনটি সংস্কারের ঘোষণা দেয়। কিন্তু সেটা না হওয়ায় বিদ্যমান আইনেই সীমানা পুনর্বিন্যাস করা হয়। পরবর্তীতে ২০১৯ সালের ১১ ডিসেম্বর আইনটির খসড়া চূড়ান্ত করে সরকারের কাছে পাঠায় ইসি।
সংবিধান ও সীমানা নির্ধারণ আইন পর্যালোচনা করে দেখা গেছে, সংবিধানের ১১৯ (গ) অনুচ্ছেদে ইসিকে সংসদে নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করার কথা বলা হয়েছে।
১২৪ অনুচ্ছেদে ইসিকে আইনের দ্বারা নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ করতে বলা হয়। সেই আইন ছিলো না বলে ‘সংসদ নির্বাচন এলাকা সীমানা নির্ধারণ বিধান অধ্যাদেশ-১৯৭৬’ জারি করা হয়। এরপর থেকেই এই অধ্যাদেশের বলে সংসদ নির্বাচনের সীমানা পুনর্বিন্যাস হয়ে আসছিলো ইসি। নতুন আইন হলে এর বিধান মেনে এসব কার্যক্রম পরিচালিত হবে।











































