স্টাফ রিপোটার ।।
খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮৫ জনের। শনাক্তের হার ৬ শতাংশ।
সর্বশেষ শুক্রবার (০৩ সেপ্টেম্বর) খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ১৮৮ জনের। আজ শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘণ্টায় ৩২২টি নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬ শতাংশ। আর মারা গেছেন একজন।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নগরীর সোনাডাঙ্গার খাদিজা বেগম (৮০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৯ হাজার ৫৮৯ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৩৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৯ হাজার ৭০৮ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে শূন্য, সাতক্ষীরায় ৬, যশোরে ১০, নড়াইলে ৩, মাগুরায় শূন্য, ঝিনাইদহে ৮, কুষ্টিয়ায় ৩০, চুয়াডাঙ্গায় ৩ ও মেহেরপুরে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
খুলনায় করোনাতে একজনের মৃত্যু
খুলনায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র খুলনা ডেডিকেট করোনা হাসপাতালে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়। এর আগে, গতকাল শুক্রবার চারজন, বৃহস্পতিবার দুইজন, বুধবার তিনজন, মঙ্গলবার, সোমবার একজন করে এবং রবিবার দু’জনের মৃত্যু হয়েছিল।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টার পূর্ব ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- নগরীর সোনাডাঙ্গার খাদিজা বেগম (৮০)।
তবে গত ২৪ ঘন্টায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় গত ২৪ ঘন্টায় কোন রোগীর মৃত্যু হয়নি। খুলনার এ চারটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১২ জন। খুলনা জেনারেল (সদর) হাসপাতালে রোগী না থাকায় করোনা ইউনিট বিলুপ্ত করে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা শুরু হয়েছে।
অন্যদিকে, গতকাল খুমেক ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছিল। তার মধ্যে খুলনার ২০ ও বাগেরহাটের ২ জনের করোনা শনাক্ত হয়।











































