Home আঞ্চলিক প্রতিবন্ধী গৃহবধূকে তালাক, বিয়ে ও শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগ

প্রতিবন্ধী গৃহবধূকে তালাক, বিয়ে ও শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগ

28

বাগেরহাট প্রতিনিধি ।।


বাগেরহাটে প্রতিবন্ধী এক গৃহবধূকে (১৯) কৌশলে আটকে রেখে জোরপূর্বক স্বামীকে তালাক দিয়ে অন্য পুরুষকে বিয়ে ও শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগ উঠেছে। পরে ওই তরুণীর দায়েরকৃত মামলায় কথিত ঘটক ও কথিত স্বামীকে গ্রেপ্তার করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- কথিত ঘটক বাগেরহাট সদর উপজেলার পশ্চিমবাগ গ্রামের ইব্রাহিম মল্লিকের ছেলে আনছার মল্লিক (৬৪) এবং একই উপজেলার বেনেগাতি এলাকার ইফাজ উদ্দিনের ছেলে কথিত বর ইদ্রিস শেখ (৫০)। গ্রেপ্তার ইদ্রিস এর আগেও দুটি বিয়ে করেছিলেন। দুই স্ত্রীই তাকে ছেড়ে চলে গেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট সকালে ওই গৃহবধূ বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে চিতলমারী উপজেলার নাসিরপুরে বাবার বাড়িতে যান। পরদিন ৩০ আগস্ট বাবার বাড়ি থেকে ভ্যানযোগে বাগেরহাট সদর উপজেলার কান্দাপাড়া মামাতো বোনের বাসার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে পশ্চিমবাগ এলাকায় ভ্যান থেকে নেমে পানি খেতে কথিত ঘটক আনছার মল্লিকের বাড়িতে যান গৃহবধূ।

সেখানে আনছার মল্লিকের স্ত্রী ও অজ্ঞাত এক নারী ওই প্রতিবন্ধী গৃহবধূকে ভালো চাকরি প্রদানসহ নানা প্রলোভন দিয়ে আটকে রাখেন।

পরদিন ৩১ আগস্ট বিকেলে ঘটক ও তার সহযোগীরা একটি অ্যাম্বুলেন্সে ওই গৃহবধূকে বাগেরহাট শহরে নিয়ে যান। পরে একজন আইনজীবীর চেম্বারে নিয়ে জোরপূর্বক তার স্বামীকে তালাক দিতে বাধ্য করা হয়।

এর কিছু সময় পরেই একটি কাজী অফিসে নিয়ে ইদ্রিস শেখ নামে এক ব্যক্তির সঙ্গে রেজিট্রির মাধ্যমে বিয়ে দেওয়া হয়। এরপর ওই দিন রাতে একটি বাড়িতে নিয়ে গৃহবধূর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্কে লিপ্ত জন ইদ্রিস শেখ।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে কৌশলে বিয়েসহ সব ধরনের কাগজপত্র নিয়ে ইদ্রিসের বাড়ি থেকে পালিয়ে স্থানীয় এক নারী নেত্রীর বাড়িতে আশ্রয় নেয় প্রতিবন্ধী ওই গৃহবধূ। পরবর্তীতে ওই নারী নেত্রী স্থানীয় চেয়ারম্যানকে খবর দেন। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে ঘটক আনছার মল্লিক ও ইদ্রিস শেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

গৃহবধূর বাবা বলেন, মেয়েটা ঠিকমতো কথা বলতে পারে না। অনেক কথা বললে দু-একটি কথা বোঝা যায়। মেয়ের সঙ্গে যারা এত বড় অন্যায় করেছে, তাদের কঠিন শাস্তি দাবি করছি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, নির্যাতিত গৃহবধূর বাবার অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা দায়ের করেছি। প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অপরাধীরা। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ওসি বলেন, ঘটনা পর্যালোচনা করে বুঝেছি, তালাক-বিয়ে সবকিছুই আসামিদের সাজানো নাটক। এসব কোনো কিছুই মুসলিম আইন অনুযায়ী বৈধ না।