স্টাফ রিপোটার।।
খুলনা বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ কমেছে। গেল ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৯৩ জনের। এদিন বিভাগজুড়ে শনাক্তের হার ৯ দশমিক ১১ শতাংশ। একই সময়ে বিভাগে অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ২২৪ জনের। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২জনের মৃত্যু হয়েছে খুলনায়। এছাড়া নড়াইল, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৯ হাজার ৩১৬ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ১৭ জন। সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৬৯৭ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, ২৪ ঘণ্টায় যশোরে সর্বোচ্চ ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া খুলনায় ২৮ জন, বাগেরহাটে ৮, সাতক্ষীরায় ২৭, নড়াইলে ৭, মাগুরায় ৭, ঝিনাইদহে ১০, কুষ্টিয়ায় ৩৭, চুয়াডাঙ্গায় ১৯ ও মেহেরপুরে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার জানান, বিভাগে ২ হাজার ১১৯টি নমুনা পরীক্ষায় ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যা নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তে হার ৯ দশমিক ১১ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ জসিম উদ্দিন হাওলাদার বলেন, খুলনা বিভাগে করোনা সংক্রমণ কমতে শুরু করেছে। তবে এখনও সন্তোষজনক নয়। ৫ শতাংশের নিচে সংক্রমণের হার না আসলে সন্তোষজনক বলা যাবে না। এ জন্য সকলকে সচেতন থাকতে হবে।
খুলনায় করোনাতে ২৪ ঘন্টায় দু’জনের মৃত্যু
খুলনায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনা ডেডিকেট করোনা হাসপাতালে একজন এবং খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টার পূর্ব ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে, গতকাল বুধবার তিনজন, মঙ্গলবার, সোমবার একজন করে এবং রবিবার দু’জনের মৃত্যু হয়েছিল।
তবে গত ২৪ ঘন্টায় খুলনা জেনারেল হাসপাতাল, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসাপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা। খুলনার চারটি হাসপাতালে ১১৮জন চিকিৎসাধীন থাকলে জেনারেল (সদর) হাসপাতালে টানা চারদিন রোগী শুণ্য।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- নগরীর নিরালা এলাকার জব্বার সরদার (৬০)। হাসপাতালে ৭০জন চিকিৎসাধীন রয়েছেন। গেল একদিনে নতুন করে ভর্তি হয়েছেন ২৪ জন, আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ১৩ জন।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কারো মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ১৯জন চিকিৎসাধীন; এরমধ্যে ৯জন আইসিইউতে রয়েছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে একজন ভর্তি ও সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৩ জন।
খুলনার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু হয়নি। ৮০ শয্যা করোনা ইউনিটে টানা পাঁচদিন রোগী শুণ্য।
সিটি মেডিকেল কলেজ হাসপাতালে গেল একদিনে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- নগরীর ৩৬৬/১ শেরে বাংলা রোডের শেখ করি মোড়লের স্ত্রী মোছাঃ সাহানী বেগম (৬৮)। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন আরও ২৭জন।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় গত ২৪ ঘন্টায় কোন রোগীর মৃত্যু হয়নি। এখানে চিকিৎসাধীন রয়েছেন ১২ জন।অন্যদিকে, গতকাল খুমেক ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছিল। তার মধ্যে খুলনার ১৪, বাগেরহাটে, যশোরে ও নড়াইলে একজনের করে করোনা শনাক্ত হয়।











































