স্টাফ রিপোর্টার ।।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন সেনাশাসক জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার বিএনপি বিভিন্ন কর্মসূচী পালন করছে। এর মধ্যে রয়েছে সকাল ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় শেরে বাংলানগরে জিয়াউর রহমানের মাজারে কেন্দ্রীয়ভাবে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল। ও বিকেলে আলোচনা সভা। দুপুর ১২টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে জিয়ার মাজারে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ এবং হেল্প ক্যাম্প, করোনা রোগীদের জন্য সহায়তা প্রদান করা হচ্ছে। এ ছাড়াও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অন্য বছরের মতো এবারও দেশব্যাপী পোস্টার প্রকাশ ও সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করা হচ্ছে বলে বিএনপির দফতরের দায়িত্বে নিয়োজিত সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স জানিয়েছেন। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বিএনপি কয়েকবার রাষ্ট্রক্ষমতায় আসে। ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরেন তার সহধর্মিণী খালেদা জিয়া। তিনি ৩ বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সর্বশেষ ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তাঁর নেতৃত্বে বিএনপি ক্ষমতায় ছিল। কিন্তু ওই সময় বিএনপি ক্ষমতার অপব্যবহার করতে গিয়ে রাজনৈতিকভাবে চরম বেকায়দায় পড়ে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সর্বস্তরের নেতাকর্মীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান দুঃসময়ে জনগণকে সংগঠিত করার কোন বিকল্প নেই।
জিয়ার কবর সরানোর পরিণতি শুভ হবে না-প্রিন্স : জিয়ার কবর সরানোর পরিণতি শুভ হবে না বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রিন্স বলেন, জিয়াউর রহমানের লাশ, মাজার এমনকি মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান নিয়ে আপত্তিকর কথা বলছে। প্রধানমন্ত্রীর গুডবুকে থাকার জন্যই এ বিষয়ে মন্ত্রীরা বেশি বেশি কথা বলছেন। আমরা বলতে চাই, জিয়ার লাশ সরানোর মতো যদি কোন কাজ করা হয় তাহলে যারা এই কাজটি করবেন তাদের হাত ভেঙ্গে যাবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিকি সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ।
খুলনায় দুই দিনের কর্মসুচি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপির দুই দিনের কর্মসুচি গ্রহন করেছে। কর্মসুচির মধ্যে রয়েছে ১ সেপ্টেম্বর বুধবার সূর্য্যদয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল। ২ সেপ্টেম্বর মহানগর নগরীর সোনাডাঙ্গাস্থ সোলার পার্কের বিএনপির উদ্যোগে জিয়া ট্রি (নিমগাছ) রোপন। উক্ত কর্মসুচি সফল করতে দলের সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি এড. শফিকুল আলম মনা, মহানগর সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও জেলা সাধারন সম্পাদক আমির এজাজ খান।
অপর অংশ: মোর্তজা-তুহিন গ্রুপের নেতৃত্বে বুধবার বিকেল সাড় ৩টায় খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক সাবেক সফল ছাত্রনেতা আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শেখ মুজিবর রহমান। প্রধান বক্তা থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা। কর্মসূচি সফল করতে খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে সমাবেশস্থলে উপিস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।
৪৩ বছরে এসে নির্বাচনি নেতৃত্বের সংকটে বিএনপি
বিশেষ প্রতিনিধি ।।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে নেতৃত্ব দেবেন বিএনপিসহ বিরোধী জোটকে- এই প্রশ্নই এখন বেশি ভাবাচ্ছে বিএনপি নেতৃত্বকে। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবাসে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসে, বিকল্প কোনও চেহারাও নেই সামনে। আজ ১ সেপ্টেম্বর (বুধবার) দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে এসে দলের নীতিনির্ধারকসহ কেন্দ্রীয় নেতাদের মধ্যে এই চিন্তাই এখন সবচেয়ে বেশি। বিএনপির স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় নেতাদের আলাপকালে এ বিষয়টি উঠে এসেছে। নেতারা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জিয়ার পরিবার থেকে নির্বাচনে প্রতিনিধিত্ব ছিলো না। আড়াই বছর পর অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এর ব্যতয় ঘটছে না। এক্ষেত্রে নেতাদের একমাত্র প্রশ্ন নির্বাচনে বিএনপিসহ বিরোধী জোটের নেতৃত্ব দেবেন কে? একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে ড. কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে অংশ নিলেও এবার সেই পথে যাচ্ছে না বিএনপি। তবে, বিকল্প কী হবে- তাও কেন্দ্রীয় নেতারা বুঝতে পারছেন না। এমনকি দলের নীতিনির্ধারকরা এ বিষয়ে অন্ধকারে রয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন প্রভাবশালী নেতা বলেন, ‘চেয়ারপারসন খালেদা জিয়া মোটামুটি রাজনীতি থেকে বিদায় নিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে ফিরবেন না। তার স্ত্রী জুবাইদা রহমানও আগ্রহী নন। তারেক রহমানের কন্যা জাইমা রহমান সবে ব্যারিস্টারি পড়াশোনা শেষ করেছেন। সেক্ষেত্রে জিয়াউর রহমানের পরিবারের কেউ যে থাকছেন না, তা পরিষ্কার। ফলে কার নেতৃত্বে নির্বাচন করবে বিএনপি?’ এই প্রশ্নের উত্তর জানতে চাইলে এই নেতা আরও বলেন, ‘মানুষের সামনে একটাই প্রশ্ন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধীপক্ষের মূল নেতৃত্ব কার হাতে থাকবে। আর এই প্রশ্নের উত্তর না মিললে পরিস্থিতি আরও উদ্বেগ সৃষ্টি করবে। হতাশা জন্ম নেবে নেতাকর্মীদের মনে । এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘যদি শেখ হাসিনা ক্ষমতায় থেকে যান, তাহলে তার অধীনে নির্বাচনের কোনও অর্থ হয় না। তাদের মতো নির্বাচন কমিশন, তাদের সরকার– সব মিলিয়ে গতবারের মতো একই অবস্থা হবে, যা অনর্থক। যে নির্বাচনে বেগম জিয়া অংশ নিতে পারবেন না, সে নির্বাচন কতখানি অর্থবহ হবে- তা নিয়ে সন্দেহ আছে।’ ইকবাল হাসান বলেন, ‘এই সব বিষয় আলোচনা করেই আগাতে হবে। মাঠের কী অবস্থা হবে, তাও বিবেচনায় নিতে হবে।’ তিনি মনে করেন, এবার বিএনপিকে অলআউট ফর্মূলায় যেতে হবে।
বিএনপির দায়িত্বশীল ও প্রভাবশালী একটি সূত্রের দাবি, বিএনপি এখন ৪৩ বছরে পা দিচ্ছে। ২০২৩ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দলের বযস হবে ৪৫ বছর। দলের অস্তিত্বের জন্য যেমন, তেমনি বাংলাদেশে ভোটের অধিকার ফেরানোর জন্যও আগামী নির্বাচনটি গুরুত্বপূর্ণ। সেদিক থেকে এটি হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বড় পরীক্ষা। এরচেয়ে বেশি বর্তমান সিনিয়র নেতাদের জন্য। আসন্ন নির্বাচনে জ্যেষ্ঠনেতাদের রাজনৈতিক জীবনের শেষ পরীক্ষা বলে দাবি করে সূত্রটি। সূত্রের ভাষ্য, জিয়াউর রহমান বাকশালের বিপরীতে জাতীয়তাবাদী রাজনীতির মাধ্যমে দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। আর গত একযুগে নেতারা এ বিষয়টি বারবার উল্লেখ করলেও জনগণের কাছে দলীয় রাজনীতিকে জনপ্রিয় করতে ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে এবার নতুন কিছু নিয়ে হাজির না হতে পারলে দল হিসেবে শেষ সুযোগটিও হয়তো হারাবে বিএনপি। স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ‘গত নির্বাচনের সময় বিএনপির সিনিয়র নেতারা সরকারের সঙ্গে সংলাপে গেছেন। সংলাপে লাভ হিসেবে এককাপ চা পেয়েছি আমরা।’
জাতীয় ঐক্যফ্রন্টের একজন শরিক নেতা বলেন, ‘এবার নির্বাচন নিয়ে কী চিন্তা, তা বিএনপি এখনও পরিষ্কার করেনি। আলোচনাও হয়নি কোনও। শুনেছি, এখন দলের পূর্ণাঙ্গ কন্ট্রোল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে। ফলে, টেলিফোনে কথা বলে তো আন্দোলন বা নির্বাচন করা সম্ভব নয়।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক একনেতা বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সামনে কে তুলে ধরবে, তাকে দেশে ফেরানো দরকার। দলের জন্য, দলের ভবিষ্যতের জন্যই এটা দরকার। কিন্তু এ কাজটি কে করবে? কেউ পারবে বলে মনে হয় না। গত নির্বাচনের আগে রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকেও ‘ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন’ এমন প্রশ্নের উত্তর দিতে পারেনি বিএনপি।’
স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ‘একাদশ জাতীয় নির্বাচনের সময়ও দলের ভেতর থেকে নেতৃত্ব দিতে তারেক রহমান কোনও নির্দেশনা দেননি। এবার কী হবে, তা এখনও অজানা।’
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, ‘বিএনপি এবার জোট করবে কি, করবে না, এটাও এখন ডিসাইড হয়নি। তবে, জোট হলেও নেতৃত্ব বিএনপির হাতেই থাকবে বলেই মনে করি।’
দলের চেয়ারপারসন কারাবন্দি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবাসে, সেক্ষেত্রে বিকল্প? এমন প্রশ্নের জবাবে দলের প্রবীণনেতা জমির উদ্দিন সরকার বলেন, ‘দলের স্থায়ী কমিটির মধ্য থেকেই এটা হতে পারে। নির্বাচন কাছাকাছি আসুক, উপযুক্ত সময়ে এটা ডিসাইড হবে।’











































