Home আঞ্চলিক বই ছেড়ে এখন শাপলা বিক্রেতা ওরা

বই ছেড়ে এখন শাপলা বিক্রেতা ওরা

14

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেড় বছর। দীর্ঘসময় স্কুল কলেজ বন্ধ থাকায় বইখাতা থেকে দূরে সরে পড়েছে অধিকাংশ শিক্ষার্থীরা। ধনীর দুলালরা এই সময়ে টার্চফোন হাতে ফ্রি ফায়ার পাবজিরমত খেলায় মেতে থাকলেও ব্যতিক্রম গরিব ঘরের শিক্ষার্থীরা। স্কুল বন্ধ থাকায় তারা নেমে পড়েছে নানা কাজে। বাড়তি আয় করে মেটাচ্ছে সংসারের প্রয়োজন।

তেমনি চার বন্ধু মণিরামপুরের সমসকাটি গ্রামের ইমরান, রানা, নাইম ও ফরহাদ। তারা সমসকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। বইখাতা ছেড়ে এই চারজন এখন দিব্বি হকার। বাড়ি থেকে ৪-৫ কিলোমিটার দূরে এসে মণিরামপুর বাজারে সাইকেলে ঘুরে তারা বিক্রি করছে শাপলা। প্রতিদিন কাকডাকা ভোরে চার বন্ধু মিলে নেমে পড়ে সমসকাটি বিলের বুক পানিতে। সেখান থেকে শাপলার ডগা তুলে ফিরে আসে বাড়িতে। এরপর কয়েকটি ডগা একত্রে নিয়ে আঁটি বাধে তারা। পেটে কিছু দিয়ে সাইকেলের পিছনে শাপলা বেধে চলে আসে মণিরামপুর বাজারে। দিনভর বাজারে ঘুরে সেই আঁটি বিক্রি করে পাঁচ টাকা করে। যা আয় হয় তা নিয়ে দেয় মায়ের হাতে। গতবারও এদের মনিরামপুর বাজারে শাপলা বেচতে দেখা গেছে। তবে স্কুল খুললে এ কাজ ছেড়ে আবার বইখাতা হাতে ছুটতে চায় তারা।

সোমবার (৩০ আগষ্ট) সকালে মণিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চার সহপাঠীর মধ্যে ইমরানের সাথে কথা হয়েছে। ইমরান সমসকাটি গ্রামের দিনমজুর আব্দুল জলিলের ছেলে।

ইমরান বলে, এ কাজ করতে চাইনা। যখন স্কুল খোলা ছিল তখন নিয়মিত স্কুলে যাতাম। এখন লেখা পড়া নেই। বসে থাইকে কি করব। আব্বা মাঠে কাজ করে। বাড়ি ছয়জন খাওয়ার লোক। আব্বার একার আয়ে চলতি কষ্ট হয়। তাই বিল থেকে তুলে শাপলা বেচি।

ইমরান আরও বলে, প্রতিদিন শাপলা তুলে আঁটি করি। মনিরামপুর বাজারে পাঁচ টাকা করে আঁটি বেচি। অনেকদিন রাত হয়ে যায়। দেড়-দু’শো টাকা যা পাই মার হাতে দিই। আবার স্কুল খুললে এ কাজ ছেড়ে দেব।

মণিরামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা শেহেলী ফেরদৌস বলেন, ৪র্থ-৫ম শ্রেণির বাচ্চারা বাবা মাকে সাহায্য করার মত। স্কুল বন্ধ থাকায় তারা দিনের বেলায় সংসারে সহযোগিতা করতে পারে। শিক্ষার্থীদের লেখাপড়া চালু রাখতে আমরা নিয়মিত ওয়ার্কশিট দিচ্ছি। এই চারজন সেটা করছে কিনা সে দিকে খেয়াল রাখতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বলছি।