Home আঞ্চলিক কালীগঞ্জে আসল মালিক নির্ণয়ে গরু আদালতে : মালিকানা দাবি করা ব্যক্তি ও...

কালীগঞ্জে আসল মালিক নির্ণয়ে গরু আদালতে : মালিকানা দাবি করা ব্যক্তি ও পুলিশ পাল্টাপাল্টি দোষারোপ

10

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা ৬ গরু নিয়ে বিপাকে পড়েছে ঝিনাইদহ কালীগঞ্জের থানা পুলিশ। এ পর্যন্ত বেশ কয়েকজন গরুর মালিকানা দাবি করায় সঠিক মালিক নিশ্চিতের জন্য পুলিশ বাধ্য হয়ে গরুগুলোকে আদালতে প্রেরণ করেছে। এদিকে অনেকেই গরুগুলোর মালিকানা দাবি করলেও গরুর জন্য আইনী লড়াইয়ে নেমেছেন মাত্র ৪ জন।

প্রকাশ থাকে যে, গত ১৮ আগষ্ট কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া গ্রামের একটি বাঁশ বাগান থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ৬ টি গরু উদ্ধার করে। যার মূল্য প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকা হবে। এরপর বেশ কয়েকজন গরুগুলো নিজেদের বলে দাবি করে। তাদের দাবির প্রেক্ষিতে গরুর আসল মালিক বোঝা যাচ্ছে না। তাই পুলিশ গরু না দিয়ে সঠিক মালিকানা নিশ্চিতে আদালতের আশ্রয় নেয়। এতে আইনের জটিলতায় পড়ে যায় গরু দাবি করা মালিকেরা। শেষে বাধ্য হয়ে তারা গত ২৩ আগষ্ট আদালতের শরণাপন্ন হলে ২৬ আগষ্ট পুলিশ তার তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন। এ নিয়ে পুলিশের ভাষ্য,তারা ৪ ব্যক্তি ছাড়াও আরও বেশ কয়েকজন গরুর মালিকানা দাবী করায় জটিলতার সৃষ্টি হয়। তাই তারা ঝামেলা এড়াতে আদালতের আশ্রয় নিয়েছেন।

এদিকে মালিকানা দাবী করাদের ভাষ্য,তারা ৪ জন ছাড়া অন্য কেউ গরুর নিজের বলে দাবী করেনি। তাদের বক্তব্য,পুলিশ তাদেরকে গরু ফেরত না দিয়ে আদালতে পাঠিয়ে নাজেহাল করছে। বর্তমানে ওই গরুগুলি ঝিনাইদহ কোর্টের হেফাজতে রয়েছে। যারা দাবি করেছেন তারা হলেন, কালীগঞ্জ পৌর এলাকার মধুগঞ্জ বাজারের এনামুল হক ঈমানের ৩ টি, মুন্নার ১ টি, ঢাকালে পাড়ার পারভেজ রহমান রচির ১ টি ও পৌরসভার পানির লাইনের কর্মচারী নুর ইসলাম ১ টি গরু।

আদালতে প্রতিবেদন দাখিলকারী কালীগঞ্জ থানার এস আই সুজাত হোসেন জানান, ১৮ আগষ্ট উদ্ধারকৃত ৬ টি গরু থানায় আনার পর জিডি ও পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানাতে বেতার বার্তা প্রেরন করা হয়। সেই সাথে প্রকৃত গরুর মালিকদের প্রমানাদিসহ থানাতে যোগাযোগের আহবান করা হয়। তিনি জানান, এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে একাধিক মানুষ গরুগুলো দেখতে আসেন। এ সময়ে স্থানীয় চারজন ছাড়াও একাধিক ব্যক্তি মৌখিক ভাবে গরুগুলোর মালিকানা দাবি করে। এতে গরু নিয়ে বিপাকে পড়ে পুলিশ। আসলে গরুগুলো কার তা বোঝা যাচ্ছিল না। বাধ্য হয়েই পরদিন গরুর মালিকানা নিশ্চিত করতে একটি জব্দ তালিকা করে ঝিনাইদহে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এ ঘটনায় দাবীকৃত মালিকেরা আদালতে দায়ের করা অভিযোগের প্রতিবেদনটির তদন্তের জন্য গত ২৫ আগষ্ট থানাতে আসে। তিনি পূনরায় তদন্ত শেষে পরদিনই ওই প্রতিবেদনের জবাব আদালতে দাখিল করেন। ওই প্রতিবেদনে পুলিশ উল্লেখ করেছে, গরুর দাবীকৃত মালিক উপযুক্ত প্রমাণাদি দেখাতে ব্যর্থ হন। এখন মহামান্য আদালত প্রমাণাদির প্রেক্ষিতে প্রকৃত মালিকের হাতে দিবেন।

গরু ফেরত পেতে আদালতের আশ্রয় নেওয়া গরু মালিকদের মধ্যে মধুগঞ্জ বাজারের এনামুল হক ঈমান আলী জানান,পুলিশের উদ্ধারকৃত গরু গুলির মালিক তারা চারজনই। উদ্ধারের পর থেকেই তারা বার বার থানাতে গেলেও গরু ফেরত দেয়নি পুলিশ। উল্টো দু’দিন পর থানা থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয় আদালত থেকেই গরু নিতে হবে। তাই বাধ্য হয়েই তারাও আদালতে গেছেন। আবার পুলিশের আদালতে পাঠানো তদন্ত প্রতিবেদনেরও পাল্টা নারাজি পিটিশন দিয়েছেন মালিকেরা। গরুর মালিকেরা আরো জানান, গরুর মালিক নির্ধারনে কি কি প্রমানপত্র দিতে হবে তা তারা বুঝে উঠতে পারছেন না। অথচ ভাগ্যক্রমে চোরেদের কবল থেকে গরুগুলি রক্ষা পেলেও এখন আইনি জটিলতায় থানা পুলিশের ভোগান্তিতে তারা নাজেহাল হচ্ছেন।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া জানান, গরু পাওয়ার পর থেকে অনেকেই মালিকানা দাবি করে আসছেন। এমন পরিস্থিতিতে পড়াতে গরুগুলোর জব্দ তালিকা করে কোর্টে পাঠানো হয়েছে। প্রকৃত মালিক উপযুক্ত প্রমাণ দিতে পারলে গরু পাবেন না হলে নয়।