Home আঞ্চলিক কাভার্ড ভ্যানবোঝাই নকল ওষুধ!

কাভার্ড ভ্যানবোঝাই নকল ওষুধ!

5

বেনাপোল প্রতিনিধি ।।

যশোর বেনাপোল স্থলবন্দরের সিজিসি ৯ গেট এলাকা থেকে ৩০ লাখ টাকার বাংলাদেশি ও ভারতীয় নকল ওষুধ, শাড়ি, থ্রিপিসসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে বেনাপোল কাস্টমসের ইনভেজটিকেশন রিসার্স ম্যানেজমেন্ট (আইআরএম) টিমের সদস্যরা। বুধবার (২৫ আগস্ট) দুপুরে উপকমিশনার এস এম শামীমুর রহমানের নেতৃত্বে চালানটি আটক করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি কাভার্ডভ্যানে (ঢাকা মেট্রো ন-১৩-৬৪০৮) বিপুল পরিমাণ নকল ওষুধ, শাড়ি ও থ্রিপিস সিজিসি ৯ নম্বর গেট এলাকায় রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে উপকমিশনার এস এম শামিমুর রহমানের নেতৃত্বে আইআরএম একটি টিম সেখানে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে কাভার্ড ভ্যান থেকে শাড়ি, থ্রিপিস ও বিপুলপরিমাণ নকল ওষুধ পাওয়া যায়। আটকের সময় গাড়ির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। তাদের আটক করার চেষ্টা চলছে।

বেনাপোল কাস্টম হাউজের উপকমিশনার এস এম শামীমুর রহমান বলেন, বন্দরের মধ্যে কাভার্ড ভ্যানটির গতিবিধি সন্দেহ হলে আটক করা হয়। এ পণ্যের কোনো সরকারি ট্রাক্স পরিশোধ বা বিল অব এন্ট্রির কাগজপত্র পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আটক পণ্যের মূল্য প্রায় ৩০ লাখ টাকা। যে ওষুধগুলো পাওয়া গেছে সেগুলো নকল ও বাংলাদেশে পাওয়া যায়। ভারত থেকে এ জাতীয় ওষুধ আমদানি করা হয় না।

সরকারি শুল্ক ফাঁকি ও চোরাচালান প্রতিহত করতে বেনাপোল আইআরএম টিম সব সময় সজাগ রয়েছে বলে তিনি জানান।