ঢাকা অফিস ।।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে আপাতত আর গণটিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে না। তবে টিকার প্রাপ্যতা বিবেচনায় নিয়ে স্বাভাবিক নিবন্ধনের মাধ্যমে টিকাদান প্রক্রিয়া চলমান থাকবে। গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। আগামীতে গণটিকা কার্যক্রম আবারও শুরু হবে কিনা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে গণটিকা কার্যক্রম আমরা করছি না। কারণ পর্যাপ্ত পরিমাণ টিকা আমাদের হাতে নেই। আমরা গণ কথাটা আগামীতে ব্যবহার করব না। আমাদের হাতে যখন যতটুকু টিকা আসবে এবং সেই টিকা যতগুলো লোককে দিতে পারব, সেই পরিমাণ লোককেই আমরা ডাকব।
যাদের কাছে বার্তা যাবে তারাই আসবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘গণটিকা দেওয়ার সময় লম্ব^া লাইন না চাইতেও হয়েছে। আমেরিকার হোক আর চায়নার হোক, টিকার কাজ সবগুলোই ভালো। তাই হুড়াহুড়ি করে টিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বর্তমানে দেশে সিনোফার্ম, মডার্না, ফাইজারের টিকার দুই ডোজ দেওয়া হচ্ছে, উৎপাদকদের নিয়ম অনুযায়ী এক মাস বা চার সপ্তাহের ব্যবধানে। এই সময় কমিয়ে আনা যায় কিনা, প্রধানমন্ত্রী সেটি দেখতে নির্দেশ দিয়েছেন। অন্যান্য দেশ ১৫ দিনের মধ্যে দিচ্ছে, টিকাপ্রাপ্তিসাপেক্ষে এ বিষয়টিও আমরা বিবেচনা করব।’ টিকা পেতে দেশে সুরক্ষা ওয়েব প্ল্যাটফর্মে এনআইডি নম্বর ও ফোন নম্বর দিয়ে নিবন্ধন করতে হয়। বর্তমানে ২৫ বছর বা তার বেশি বয়সী সব নাগরিক নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ বছর হলেই নিবন্ধনের সুযোগ রয়েছে। তা ছাড়া প্রাধিকারের তালিকায় থাকা ব্যক্তিদের ক্ষেত্রে বয়সের ওই সীমা নেই। ওয়ার্ড-ইউনিয়ন পর্যায়ে ছয়দিনের গণটিকা কর্মসূচিতে এনআইডি নিয়ে কেন্দ্রে গেলেই টিকা পাওয়ার সুযোগ ছিল। তেমনটি আর থাকবে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অবশ্যই নিবন্ধন ছাড়া টিকা দেওয়া হবে না। টিকা যতটুকু আছে সেইভাবেই নিবন্ধন হবে।
জানা গেছে, দেশে টিকার জন্য গতকাল পর্যন্ত মোট নিবন্ধন করেছেন সাড়ে তিন কোটির বেশি মানুষ। যা মোট জনসংখ্যার ৩০ শতাংশের কম। তাদের মধ্যে ১ কোটি ৬৬ লাখ মানুষ প্রথম ডোজ পেয়েছেন, দ্বিতীয় ডোজ পেয়েছেন তাদের মধ্যে ৬৫ লাখ ৭৫ হাজার মানুষ। এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সংক্রমণ কমে আসছে, দৈনিক মৃত্যুও কমেছে। টিকা কার্যক্রম শহরে বেশি চলছে। গত পরশু অ্যাস্ট্রাজেনেকার কিছু টিকা আমরা পেয়েছি। ফাইজারের টিকা ৬০ লাখ পাব সেপ্টেম্ব^রের মধ্যে। চীনের সিনোফার্ম এ মাসের শেষে ১০ লাখ কনফার্ম করেছে। গত ১৫ দিনে অনেক কাজ করা হয়েছে এবং অনেক অর্ডার দেওয়া হয়েছে। চায়নাতে নতুন ৬ কোটি ডোজের অর্ডারসহ মোট সাড়ে ৭ কোটি অর্ডার দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমাদের অফার দিয়েছে, আমাদের ক্রয় করে নিতে হবে যা আমরা নিয়েছি এবং এ সিদ্ধান্ত তাদের জানিয়ে দিয়েছি।’
টিকা পাওয়াসাপেক্ষে আগামী ফেব্রুয়ারির মধ্যে ৮ কোটির বেশি লোককে টিকা দেওয়ার আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘যেভাবে প্রতিশ্রুতি পেয়েছি এবং অর্ডার দিয়েছি, আগামীতে খুব একটা অভাব দেখা দেবে না। যদি ১৬ কোটি টিকা পেয়ে যাই, তা হলে আমরা ৮ কোটি লোককে দিতে পারব। এই টিকাগুলো ডিসেম্ব^রের মধ্যে আসার কথা। কোভ্যাক্স থেকে বিনামূল্যে যেগুলো আসবে, সেটাও ১৬ কোটির সঙ্গে যোগ হবে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে দেশে আমরা ৭ থেকে ৮ কোটি লোককে টিকা দিয়ে ফেলতে পারব বা আরও বেশিও করতে পারি যদি টিকা অ্যাভেইলেবল হয়।’ মন্ত্রিসভার বৈঠকে শ্রমিকদের টিকা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা ফ্রন্টলাইনারদের টিকা দিচ্ছি। সব কারখানার শ্রমিকদের পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে। আমরা চাই, দেশের প্রতিটি মানুষ টিকা পাক এবং সুরক্ষিত থাকুক। টিকা যারা নিয়েছে, তাদের মৃত্যু হয়েছে খুব কম। বিনোদনের জায়গাসহ সব খুলে দেওয়া হয়েছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে নিজেদের সুরক্ষিত রাখবেন এবং অবশ্যই মাস্ক পরবেন।’











































