ঢাকা অফিস ।।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৮৮ জন এবং ঢাকার বাইরে ২৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১১ আগস্ট) বিকালে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১৩ জন ভর্তি হয়েছেন।
এই নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ৯০৭ জনে দাঁড়িয়েছে। ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৮৪১ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ৬৬ জন চিকিৎসাধীন আছেন।
প্রতিবেদনে বলা হয়, গত ১ জানুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত হাসপাতালে ৫ হাজার ১৯২ জন ভর্তি হন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ২৬৩ জন।











































