Home আঞ্চলিক ঘাটভোগে সংঘাতের ঘটনায় বিএনপি নেতা হেলালের ক্ষোভ

ঘাটভোগে সংঘাতের ঘটনায় বিএনপি নেতা হেলালের ক্ষোভ

8

খবর বিজ্ঞপ্তি ।।

রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে আচমকা সাম্প্রদায়িক সংঘাতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্থদের সহায়তার দাবি জানান তিনি।

আজ (৮ আগস্ট) বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং খুলনা-৪ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্ধি প্রার্থী আজিজুল বারী হেলাল গত ৬ আগষ্ট শিয়ালী গ্রামের সহিংসতায় আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সাথে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি বন্ধ এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান।

বিবৃতিতে তিনি বলেন, রূপসা’র মানুষ শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। বছরের পর বছর এই অঞ্চলের মানুষ মসজিদ থেকে ভেসে আসা আজানের ধ্বনি এবং মন্দিরের ঘন্টাধ্বনি’র সাথে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছে। স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, এই সম্প্রীতি যেন রাজনৈতিক বা সাম্প্রদায়িক মতলবে ক্ষতিগ্রস্ত না হয়। হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের জন্য তিনি সরকারী বরাদ্দের আবেদন জানান ।