আলমগীর হোসেন, কেশবপুর ।।
যশোরের কেশবপুরে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম ৩ গুন বৃদ্ধি পেয়ে প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে কাঁচা মরিচের দাম ছিল প্রতি কেজি ৪০ টাকা। হঠাৎ করে দাম বৃদ্ধি পাওয়ায় লকডাউনে কর্মহীন গরীব ও মধ্যবিত্তরা কাঁচা মরিচ কিনতে হিমশিম খাচ্ছেন। তরকারি বিক্রেতারা জানান, টানা বৃষ্টির কারণে খেত ডুবে ও পানি জমে কাঁচা মরিচ গাছ ক্ষতিগ্রস্থ হয়ে আমদানি কম হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে।
শনিবার কেশবপুর শহরের কাঁচা বাজারে কেনাকাটা করতে আসা উপজেলার বাগদহা গ্রামের জমির উদ্দিন মোড়ল বলেন, বাজারে আসছিলাম কিছু তরকারি কিনতে। তরকারির দাম কম থাকলেও কাঁচা ঝালের (মরিচ) দাম ৩ গুন বেড়েছে। এতো দাম দিয়ে কেনা সম্ভব না। বাড়িতে থাকা গুড়ো মরিচ দিয়ে রান্না করবো। এ সময় কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামের আবদুল মোমিন ও বাগদহা গ্রামের হুমায়ুন কবীর সহ আরও কয়েকজনকে ২৫০ গ্রাম কাঁচা মরিচ ৪০ টাকা দিয়ে কিনতে দেখা গেছে । তাঁরা বলেন, কাঁচা মরিচের দাম বাড়ায় এক পোয়া (২৫০ গ্রাম) কেনা হয়েছে ।
এ ব্যাপারে কেশবপুর শহরের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিশ্বাস বলেন, ফরিদপুর জেলার মধুখালি থেকে গাড়িতে কেশবপুরে কাঁচা মরিচ আড়তে আনা হয়। তিনি আরও বলেন, শনিবার সকালে কাঁচা বাজারে আড়ৎ থেকে প্রতি কেজি কাঁচা মরিচ ১৫০ টাকা দরে পাইকারি কিনে এনে খুচরা ব্যবসায়ীরা বাজারে প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি করছেন। দাম শুনে অনেকেই ফিরে যাচ্ছেন বলে জানান।
কাঁচা মরিচের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বৃষ্টির কারণে কাঁচা মরিচ গাছ ক্ষতিগ্রস্থ হওয়ায় এক সপ্তাহের ব্যবধানে দাম বৃদ্ধি পেয়েছে। এর আগে প্রতি কেজি কাঁচা মরিচ খুচরা ৪০ টাকা দামে বিক্রি হতো।










































