Home আঞ্চলিক ৩০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে : ছাড়পত্র নিয়ে আজই ঢাকায় যাচ্ছে

৩০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে : ছাড়পত্র নিয়ে আজই ঢাকায় যাচ্ছে

14

বেনাপোল প্রতিনিধি ।।

ভারত সরকারের দেয়া উপহারের ৩০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স আজ শনিবার সকালে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা মহামারি মোকাবিলার বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। তারই অংশ হিসেবে উপহারের প্রথম চালান ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে পৌঁছেছে।

ভারতীয় হাইকমিশন সুত্র থেকে জানা যায়, বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলার বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে ৩০টি অ্যাম্বুলেন্স’র প্রথম চালান বেনাপোল বন্দরে এসে পৌছেছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে পর্যায়ক্রমে পৌঁছাবে।

বেনাপোল কাস্টম হাউসের ছাড়পত্র পাওয়ার পর আজই অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে।

উপহারের অ্যাম্বুলেন্সগুলো করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের পাশে থেকে ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত এবং দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।

চলতি বছর ২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য, বিশেষ করে বাংলাদেশে করোনা মহামারি মোকাবিলার যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম জানান, ভারতের পেট্রাপোল স্থলবন্দর থেকে আজ শনিবার সকালে বেনাপোল বন্দরে ৩০টি অ্যাম্বুলেন্স এসে পৌছেছে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নামে এসব অক্সিজেন সংবলিত অ্যাম্বুলেন্স আসার জন্য উত্তরা মোটরস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো শাখায় গেটপাশ (আইজিএম) প্র¯তুত করেছেন। অ্যাম্বুলেন্স গুলো দ্রুত খালাশের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।