চুয়াডাঙ্গা প্রতিনিধি ।।
বাণিজ্যিকভাবে আনার চাষে শতভাগ সাফলতা পেয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মোকাররম হোসেন। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় তার আনার বাগানে বিপুল পরিমাণ ফল এসেছে। তার এই সফলতা দেখে অনেক শিক্ষিত বেকার যুবক আগ্রহী হয়েছেন আনার চাষ করতে। মোকাররম হোসেনের কাছ থেকে আনার চাষের ব্যাপারে বিভিন্ন পরামর্শও নিচ্ছেন নতুন উদ্যোক্তারা। এ বছর বাগান থেকে প্রায় ২৫ লাখ টাকার আনার ফল বিক্রি হবে বলে তিনি আশা করছেন। অত্যন্ত সুস্বাদু ও ওষুধি গুণসম্পন্ন এ ফল এতোদিন বিদেশি ফল হিসেবেই পরিচিত ছিল। কিন্তু দেশের মাটিতেই প্রথম এ ফলের সফল চাষ হয়েছে উদ্যোগী তরুণ মোকাররম হোসেনের হাত ধরেই। ভিটামিন সমৃদ্ধ আমদানিনির্ভর আনার চীন, ভারত, নেপাল, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশ থেকে শত শত টন আনার বাংলাদেশের চাহিদা মেটাতে আমদানি করা হয়। তবে এবার দেশের মাটিতেই চাষ হচ্ছে আনার। চুয়াডাঙ্গার সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের কৃষি উদ্যোক্তা মোকাররম হোসেন তিন বছর আগে পাঁচ বিঘা জমিতে চাষ করেন এ বিদেশি ফলের। ইতোমধ্যে ফলে ভরিয়ে তুলেছেন গোটা আনার বাগান। এক সপ্তাহ পরেই বাগান থেকে বাণিজ্যিকভাবে ফল বিক্রিও শুরু হবে।
এর আগে মোকাররম হোসেন কয়েক বছর থেকেই বিভিন্ন ফলের চাষ করার চেষ্টা করে আসছেন। কিন্তু বার বার তিনি ব্যর্থ হয়েছেন। পরবর্তীতে একজনের পরামর্শে বিদেশি ফল আনার চাষ করে সফলতা লাভ করেন তিনি। দেশে এই ফলের চাহিদা মেটানোর জন্য বাণিজ্যিক ভিত্তিতে গড়ে তোলেন আনার বাগান। কৃষি উদ্যোক্তা ও আনার চাষি মোকাররম হোসেন বলেন, প্রথমে তিনি ইউটিউবে আনার চাষ দেখে এই ফলটি চাষ করতে আগ্রহী হয়ে ওঠেন। ফলটি চাষের জন্য তিনি ভারতের একটি কৃষি খামারের সাথে যোগাযোগ করেন। পরবর্তীতে তাদের পরামর্শ নিয়েই এই ফলের বাগান শুরু করেন তিনি। তিন বছর আগে পাঁচ বিঘা জমিতে এসসিটি ভাগুয়া জাতের ৮০০টি গাছ রোপণ করেন। চারা রোপণের এক মাস পূর্বে তিনি ওই জমিতে ৮ ফুট করে দূরত্বে এবং প্রতি লাইনের মাঝে ১২ ফুট জায়গা ফাঁকা রেখে একটি করে গর্ত করেন। এক ফুট গভিরতার ওই গর্তের ভেতর ৩০ কেজি করে গবর সার (জৈব সার), ৫শ’ গ্রাম চুন এবং ২ কেজি করে কেঁচো সার (ভার্মি কম্পোজ) দিয়ে চারা লাগানোর জন্য জমি উপযুক্ত করে তোলেন।











































