Home আঞ্চলিক খুলনায় ডাবল সেঞ্চুরির পথে কাঁচামরিচ

খুলনায় ডাবল সেঞ্চুরির পথে কাঁচামরিচ

12

স্টাফ রিপোর্টার

খুলনায় দফায় দফায় কাঁচামরিচের দাম বাড়লেও কমেছে সবজির দাম। একই সঙ্গে মুরগির দামও কেজিতে কমেছে ১০ টাকা। চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। শনিবার (৩১ জুলাই) খুলনার বিভিন্ন বাজার ঘুরে জানা যায়, প্রতি কেজি কাঁচামরিচ ১৪০-১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে মরিচের সরবরাহ কম। ফলে দাম আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। খুলনার জোড়াকল বাজারে গিয়ে দেখা যায়, আগের দামেই বিক্রি হচ্ছে আলু। প্রায় দুই মাস ধরে আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়, বেগুন ২০-৩০, ঢেঁড়স ২০, ঝিঙে ২০, কুশি ৩০, পটল ২০, মিষ্টিকুমড়া ১৫, পেঁপে ২০ ও শসা ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ বাজারের কাঁচামাল বিক্রেতা মিলন, বাদশা, আইয়ুব আলী, রমজান জানান, ঈদের পর বাজারে সবজির সরবরাহ একটু কম। তবুও সবজির দাম বাড়েনি। কিন্তু মরিচের দাম বেড়েছে কয়েক দফায়। পচনশীল এ কাঁচা পণ্যটি খুব বেশি সময় রাখার কোনো উপায়ও নেই। তারা বলেন, গত তিনদিন টানা ভারি বর্ষণে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। এতে সবজির ক্ষেতে ব্যাপক ক্ষতি হয়েছে। একটু পানি জমলেই মরিচ গাছ মরে যায়। ফলে মরিচের সরবরাহ কমে গেছে। মুরগি বিক্রেতা বাবু, মনির, লিপুরা জানান, ঈদের পর থেকে ব্রয়লার প্রতি কেজি ১২০ টাকা, লেয়ার ১৬০ ও কক ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ওই বাজাররে ডিম বিক্রেতা রফিক জানান, ডিমের দামও গত সপ্তাহের মতো রয়েছে। প্রতি হালি ডিমের দাম ২৮-৩২ টাকা। খুলনার বাজারে এক কেজি তেলাপিয়া গত সপ্তাহে ৬০-১০০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু সেই মাছ এখন ১০০-১৬০ টাকা। চিংড়ি সর্বনিম্ন ৪০০ টাকা, পাঙ্গাশ ১৫০ টাকা, রুই ৩০০-৩৫০ ও পাবদা ৩৮০-৪০০ টাকা। জোড়াকল বাজারের চাল বিক্রেতা আতাহার আলী, আবু বক্কর, বাদশা মিয়া জানান, ঈদের পর থেকে চালের দাম স্বাভাবিক রয়েছে। মিনিকেট প্রতি কেজি ৬৫-৭০ টাকা, সিদ্ধ ৪৮-৫৫ টাকায় বিক্রি হচ্ছে।