Home আঞ্চলিক পাওনা দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের অবস্থান

পাওনা দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের অবস্থান

16

স্টাফ রিপোর্টার ।।

বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মিলগেটে অবস্থান কর্মসূচি পালন করেছেন খুলনার পাটকল শ্রমিকরা। রোববার খালিশপুর ও দৌলতপুর জুট মিলের সামনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলে।

এ সময় সোমবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পিপলস মোড় চত্বরে বিআইডিসি সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। পরে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

বক্তারা বলেন, খালিশপুর ও দৌলতপুর জুট মিলের শ্রমিকরা আজও কোনো টাকা পাননি। ২৬টি পাটকল বন্ধের পর ২১টির শ্রমিকরা কিছু টাকা পেয়েছেন। কিন্তু বকেয়া টাকা না পেয়ে খুলনার দুটিসহ দেশের বিভিন্ন জেলার পাঁচটি মিলের শ্রমিকরা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। ঈদের আগেই শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধের দাবি জানানো হয়।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন খালিশপুর জুট মিলের কারখানা কমিটির সদস্য সচিব আলমগীর কবির। উপস্থিত ছিলেন শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের সমন্বয়ক রুহুল আমিন, পাটকল রক্ষায় নাগরিক পরিষদের সদস্য সচিব এস এ রশিদ, বাসদের জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, খালিশপুর জুট মিলের সিবিএর সাংগঠনিক সম্পাদক মো. মনির, শ্রমিক নাসিমা, নুর ইসলাম, চান মিয়া, শামস সাফরিন, মোশাররফ হোসেন, আলমগীর হোসেন, ছাত্র ফেডারেশন খুলনা জেলার আহ্বায়ক শেখ আলামিন প্রমুখ।