Home আঞ্চলিক পশুর চামড়া সংরক্ষণের জায়গা নেই খুলনায়: আলাদা স্থান চান ব্যবসায়ীরা

পশুর চামড়া সংরক্ষণের জায়গা নেই খুলনায়: আলাদা স্থান চান ব্যবসায়ীরা

13

স্টাফ রিপোর্টার ।।

চামড়া পট্টি হিসেবে পরিচিত খুলনার শেখপাড়ায় এখন আর কোনো চামড়ার দোকান নেই। গত বছর খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কাছ থেকে অনুমতি নিয়ে সড়কে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ করেছিলেন ব্যবসায়ীরা। এ বছর এখনও কেসিসির কাছ থেকে অনুমতি পাননি তারা। আবেদন নিয়ে তারা ঘুরছেন বিভিন্ন সরকারি দপ্তরে।

এ প্রসঙ্গে খুলনা কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম ঢালী বলেন, অনুমতি না নিয়ে সড়কে চামড়া সংরক্ষণ করলে পুলিশ ঝামেলা করে। এজন্য আগে চামড়া সংরক্ষণের ব্যবস্থা করে তবেই কেনার প্রস্তুতি নিতে হবে। অনুমতির আবেদন নিয়ে অফিসে অফিসে ঘুরছি। অনুমতি না পেলে এবার কোনো ব্যবসায়ী চামড়া কিনবে না।

চামড়ার দোকান নেই চামড়া পট্টিতে : ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সময় স্থানীয় শেখপাড়া চামড়া পট্টিকে ঘিরে খুলনার কাঁচা চামড়া ব্যবসা গড়ে ওঠে। পরে অব্যাহত লোকসানে এবং ট্যানারি ও পাইকারদের কাছ থেকে বকেয়া পাওনা না পেয়ে ধীরে ধীরে ব্যবসায়ীর সংখ্যা কমতে থাকে। ফলে দোকানও কমতে থাকে। চামড়া পট্টির আশপাশে গড়ে উঠতে থাকে সরকারি-বেসরকারি নানা ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান।

দুর্গন্ধের কারণে স্থানীয় মালিকরাও এক পর্যায়ে চামড়া ব্যবসায়ীদের কাছে দোকান ভাড়া দেওয়া বন্ধ করে দেন। চামড়া পট্টির পাশে গড়ে ওঠা জেলা শিল্পকলা একাডেমি, জাতীয় মহিলা সংস্থা, মুক্তিযোদ্ধা পল্লী, কেসিসির গ্যারেজের পক্ষ থেকেও বাড়ির মালিক এবং ব্যবসায়ীদের চাপ দেওয়া হয়। ফলে ধীরে ধীরে চামড়ার দোকানগুলো বন্ধ হয়ে যায়।

চামড়া পট্টির শেষ দোকানটি বন্ধ হয়ে যায় ২০১৯ সালের ডিসেম্বরে। বর্তমানে সেখানে একটিও চামড়ার দোকান নেই। সারা বছর কসাইখানা থেকেই চামড়ার কেনাবেচা চলে। বিভিন্ন মাংসের দোকানে স্বল্প পরিসরে চামড়া সংরক্ষণ করা হয়। কিন্তু কোরবানির ঈদে সংগৃহীত বিপুলসংখ্যক চামড়া সেখানে সংরক্ষণ করা সম্ভব নয়।

এবারও অনুমতি চান ব্যবসায়ীরা : গত বছর সিটি মেয়র সড়কে চামড়া সংরক্ষণের অনুমতি দিয়েছিলেন ব্যবসায়ীদের। চামড়া কিনে সড়কেই সংরক্ষণ করেছিলেন তারা। এবার সিটি মেয়র খুলনায় নেই। কেসিসির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সড়ক ব্যবহারের অনুমতি পাওয়া যায়নি।

রোববার সন্ধ্যায় জেলা প্রশাসকের কাছে আবেদন নিয়ে যাওয়ার কথা ছিল ব্যবসায়ীদের। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত এর কোনো অগ্রগতি জানা যায়নি।

ভাড়া বেশি বাণিজ্যিক এলাকায় : খুলনা কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম ঢালী জানান, এক যুগ আগেও শেখপাড়া মোড়ে ১০-১৫টি চামড়ার দোকান ছিল। কোরবানির ঈদ ছাড়াও সারা বছরই বিভিন্ন এলাকা থেকে লোকজন চামড়া নিয়ে এখানে আসতেন। তার বাবাসহ প্রবীণ ব্যবসায়ীরা সবাই মারা গেছেন। ট্যানারি মালিক ও পাইকারি বিক্রেতাদের কাছ থেকে পাওনা টাকা না পেয়ে ব্যবসায়ীরা পথে বসেছেন। সবাই দোকান ছেড়ে দিয়েছেন।

তিনি বলেন, শেরেবাংলা সড়ককেন্দ্রিক শেখপাড়া এখন বাণিজ্যিক এলাকা। এখানে দোকান ভাড়া অনেক বেশি। সারা বছর চামড়া কেনাবেচা করেও ঘর ভাড়া দেওয়ার টাকা হয় না। এলাকাবাসীরও আপত্তি রয়েছে চামড়া বিক্রেতাদের ঘর ভাড়া দেওয়ার ব্যাপারে। চামড়া বিক্রেতারা তাই পৃথক একটি বাজারের দাবি করে আসছেন দীর্ঘদিন ধরে। সেই দাবি কেউই পূরণ করে না। এখন সড়কেও যদি চামড়া সংরক্ষণের অনুমতি না দেয়, তাহলে চামড়া কিনে আমরা রাখব কোথায়?