স্টাফ রিপোর্টার
নগরীর রেলওয়ে হাসপাতাল রোডস্থ শহীদ আব্দুল জব্বার মার্কেট থেকে স্কুল শিক্ষিকার ভ্যানিটি ব্যাগে থাকা হ্যান্ডপার্টস চুরি মামলার দু’আসামি আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।
গতকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোল্যা জুয়েল রানা আসামিদের আদালতে হাজির করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম আসামিদের দেয়া ফৌজধারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি রেকর্ড করেছেন। আসামিরা হলেন নগরীর ১১/খ শেখপাড়া পুরাতন মসজিদ রোডের শেখ মো. আবুল কালাম আজাদের স্ত্রী রাজিয়া সুলতানা (৩৬) ও ১১৭ বানরগাতি হাজী ইসমাইল রোডের মো. আব্দুল হকের ছেলে মো. সোহেল রানা (৩৬)।
মামলার বিবরণে জানা যায়, ৪মার্চ সন্ধ্যা ৬টার দিকে নগরীর রেলওয়ে হাসপাতাল রোডস্থ শহীদ আব্দুল জব্বার মার্কেটে কেনাকাটা করতে যায় রায়েরমহল বাঙ্গাল বাড়ি রোডের এম এ মান্নানের স্ত্রী পুর্ব বিল পাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সোনিয়া মান্নান ওরফে তন্বী। এসময় ভিড়ের মধ্যে আছাদ গার্মেন্টেস সামনে থেকে আসামিরা তার ভ্যানিটি ব্যাগে থাকা হ্যান্ডপার্টস চুরি করে নিয়ে যায়। পার্টসের মধ্যে দু’টি স্বর্ণের আংটি ও নগদ ১৫শ’ টাকা ছিল। তাৎক্ষনিক ভাবে দোকানের সিসি ফুটেজে আসামিদের দেখা যায়। ঘটনাটি খুলনা থানাকে জানালে পুলিশ এসে মশিউর রহমান মার্কেটের আনোয়ার সুতা ঘরের সামনে থেকে রাজিয়া সুলতানা ও সোহেল রানাকে আটক করে। এঘটনায় সোনিয়া মান্নান বাদী হয়ে খুলনা থানায় মামলা দায়ের করেন যার নং-৭।
- নগরীর দোলখোলার একটি বাড়িতে চুরি মামলার তিন আসামির আদালতে স্বীকারোক্তি
স্টাফ রিপোর্টার
নগরীর দোলখোলার একটি বাড়িতে স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরি মামলার তিন আসামি আদালতে স্বীকারোক্তি আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।
গতকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মমিনুর রহমান আসামিদের আদালতে হাজির করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম আসামিদের দেয়া ফৌজধারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি রেকর্ড করেছেন। আসামিরা হলেন খুলনা জেলার রূপসা থানার পুর্ব বাগমারা গ্রামের কদমতলা মিনা বাড়ির মো. শাহাদাত শেখের ছেলে মো. রবিউল শেখ (২০) ও তার স্ত্রী মোছা. সাথী আক্তার (১৯) এবং কিসমত গ্রামের জুম্মান খানের স্ত্রী মুক্তা খান (২২)।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মমিনুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাগমারা এলাকা হতে ৩জনকে গ্রেফতার করা হয়।তাদের স্বীকারোক্তিতে
হেলাতলা স্বর্ণপট্রির নিউ ঝুমুর জুয়েলার্স থেকে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে নগরীর দোলখোলা নিতাই দে’র বাড়ির ভাড়াটিয়া মনি রানী দত্ত তার মেয়েকে নিয়ে এসএসসি পরীক্ষার জন্য জিলা স্কুলে যায়। দুপুর দেড়টার দিকে বাসায় ফিরে দেখেন জানালার গ্রিল কেটে অজ্ঞাতনামা চোরেরা স্টীলের আলমারি ভেঙ্গে স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ মোট ৮লাখ ৪৪হাজার টাকা মুল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। এঘটনায় মনি রানী দত্ত বাদী হয়ে খুলনা থানায় মামলা দায়ের করেন যার নং-১৯।
- নগরীতে ফেন্সিডিল বিক্রির অভিযোগে এক নারী গ্রেফতার
স্টাফ রিপোর্টার
নগরীর রূপসা স্ট্যান্ড রোডে অভিযান চালিয়ে ৭বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা থানা পুলিশ। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। মাদক বিক্রেতা হলেন রূপসা স্ট্যান্ড রোড এলাকার ডা. আলতাফ হোসেন লেনের সাহেব আলীর বাড়ির ভাড়াটিয়া মানিক হোসেন ওরফে কালা মানিকের স্ত্রী মোসা. আসমা বেগম (৩৫)।
সদর থানার অফিসার ইনচার্জ আসলাম বাহার বুলবুল জানান, বুধবার রূপসা স্ট্যান্ড রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭বোতল ফেন্সিডিলসহ আসমা বেগমকে গ্রেফতার করা হয়।
এঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে। মামলায় তার স্বামীকেও আসামি করা হয়েছে।









































