Home আঞ্চলিক করোনা টিকার নিবন্ধন: খুলনায় পরিবহন শ্রমিকদের বিনামূল্যে সেবা দেবে নিসচা

করোনা টিকার নিবন্ধন: খুলনায় পরিবহন শ্রমিকদের বিনামূল্যে সেবা দেবে নিসচা

13

স্টাফ রিপোর্টার

খুলনা মহানগরীতে পরিবহন শ্রমিক, ভ্যান, রিকশা ও ইজিবাইক চালকদের করোনার টিকার জন্য নিবন্ধন কার্যক্রমে বিনামূল্যে সহযোগিতা করবে নিরাপদ সড়ক চাই-নিসচা জেলা শাখা। অনলাইনে নিবন্ধনের ক্ষেত্রে শ্রমিকরা পিছিয়ে পড়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার নিসচার জেলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। চলতি সপ্তাহেই কার্যক্রম শুরু হবে।

সংগঠনের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না জানান, পরিবহন চালক ও শ্রমিকদের অনেকেই অনলাইন কার্যক্রম সম্পর্কে ধারণা রাখেন না। আবার বিভিন্ন কম্পিউটারের দোকানে অতিরিক্ত টাকা দিয়ে অনেকে নিবন্ধন করাচ্ছেন। এসব বিবেচনায় বিনামূল্যে তাদের নিবন্ধন কার্যক্রমে সহযোগিতা করা হবে।

সংগঠনের মহানগর সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লবের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শেখ মো. নাসির উদ্দিন, নাজমুল হোসেন, আবিদ আহসান শান্ত, মনিরুল ইসলাম সাগর, শিরিনা আক্তার, মাহমুদা আক্তার লিজা প্রমুখ।