ঢাকা অফিস
সাহাদাত হোসেন ওরফে মামুন। বয়স ৪৬ বছর। এক সময় ছিলেন খুলনা অঞ্চলের ফাঁসির সাজা কার্যকর হওয়া আসামি এরশাদ শিকদারের সহযোগী। এখন একটি দালাল চক্রের মূল হোতা। দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার কথা বলে রাজধানীর কয়েকটি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে আনেন তিনি।
জানা গেছে, রোগী ভাগাতে চক্রের অন্য দালালকে ঈদ উপলক্ষে কোরবানির গরু উপহার দিচ্ছিলেন মামুন। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে মামুনসহ এ চক্রের চারজন দালালকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
গ্রেপ্তার দালাল চক্রের অন্য তিনজন হলেন সাহাদাতের সহযোগী মহিনউদ্দিন (৩৬), রহমতউল্লাহ (৩২) ও আকরাম হোসেন (৫২)। তারা বেসরকারি ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালের কর্মচারী। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকার জাল নোট ও ৫৫০টি ইয়াবা বড়ি জব্দ করেছে র্যাব।
বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-২ পরিচালক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম।
খন্দকার সাইফুল আলম বলেন, দালালদের খপ্পরে পড়া রোগী, স্বজন ও ধরা পড়া চক্রের মূল হোতা সাহাদাত হোসেনের তথ্যের ভিত্তিতে শ্যামলীর বেসরকারি ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালের সামনে থেকে ওই হাসপাতালের কর্মচারী মহিন উদ্দিন, রহমত উল্লাহ ও আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তারা সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের যোগসাজশে বিভিন্ন বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার কথা বলে রোগী ভাগিয়ে নেন। এ জন্য তারা মোটা অঙ্কের কমিশন পেতেন।
এ কাজে অ্যাম্বুলেন্সচালক ও হাসপাতালের দালালরা নির্দিষ্ট কমিশন পেতেন বলেও জানান র্যাব-২ পরিচালক। তিনি বলেন, দালালেরা ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রোগী ভর্তি করিয়ে ও সেখানে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। ওই হাসপাতাল কর্তৃপক্ষও আবার বিভিন্ন পন্থায় রোগীদের কাছ থেকে অত্যধিক বিল আদায় করতেন। হাসপাতালটির দালালেরা দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট কমিশনের বিনিময়ে রোগী নিয়ে আসতেন।
লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, মহামারি করোনাকালেও দালালচক্র রাজধানীর কিছু হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে এনে ভর্তি করছেন। মোটা অঙ্কের কমিশন পেয়ে রোগীদের হয়রানি করছেন তারা। এ ছাড়া বিভিন্ন অ্যাম্বুলেন্স সিন্ডিকেটও রোগীদের হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা অনেক ক্ষেত্রে রোগী পরিবহনে উচ্চ ভাড়া দিতে বাধ্য করেন। এমন পরিস্থিতিতে র্যাব-২ এর ছায়া তদন্তে দালালচক্রের হোতা সাহাদৎ হোসেন ওরফে মামুনের নাম উঠে আসে। জিজ্ঞাসাবাদে ও তদন্তে জানা যায়, উন্নত চিকিৎসার নামে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে দালালরা রোগী এনে আইসিইউতে ভর্তি করে। পরে বিভিন্ন চেকআপের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে ভালো যোগাযোগ আছে চক্রটির। নির্দিষ্ট কমিশনের বিনিময়ে তারা বেসরকারি হাসপাতালে রোগী পাঠায়। জেলা শহরের অ্যাম্বুলেন্সচালক এবং হাসপাতালের দালালরা এ চক্রে কাজ করে মোটা অঙ্কের কমিশন নেয় বলেও তিনি জানান।











































