স্টাফ রিপোর্টার
বিগত ১১ মাসে খুলনার সাংবাদিকতা অঙ্গনের ৪জন চেনামুখ হারিয়ে গেছে। এই চারজন নিজ নিজ ক্ষেত্রে চিরস্মরণীয় অবদান রেখে গেছেন। ২০২০ সালের ২২ আগস্ট চলে গেছেন সিনিয়র সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না, চলতি বছরের ২৯ এপ্রিল অধ্যক্ষ আলী আহমেদ, চলতি মাসের ৩ তারিখে সাহাবুদ্দিন আহমেদ, সর্বশেষ শুক্রবার মোস্তফা কামাল আহমেদ।
ওয়াদুদুর রহমান পান্না
খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান পান্না (৭০) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত বছর ২২ আগস্ট বিকেল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না ষাটের দশকে সাপ্তাহিক জন্মভূমি পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। তিনি বাংলার বানী পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দৈনিক জন্মভূমি পত্রিকায় দীর্ঘদিন বার্তা সম্পাদকের দায়িত্ব পালনের পর সম্পাদক শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর মৃত্যুর পর তিনি সম্পাদকের দায়িত্ব নেন। চিরকুমার ওয়াদুদুর রহমান পান্না খুলনা প্রেসক্লাবের সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন।
অধ্যক্ষ আলী আহমেদ :
বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক অনির্বাণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলী আহমেদ (৭৭) গত ২৯ এপ্রিল দুপুর সাড়ে ১২টায় খুলনা মহানগরীর নার্গিস মেমোরিয়াল হাসপাতালে ইন্তেকাল করেন। সাতক্ষীরা মহকুমার কলারোয়া থানার মুরারীকাটি গ্রামের ১৯৪৪ সালের ১৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর সনদ লাভ করেন। ১৯৬৪ সালে দৈনিক পূর্বদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা পেশার সাথে সম্পৃক্ত হন। ১৯৭২ সালের ১০ জানুয়ারি প্রকাশিত খুলনার সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৪ সালের পূর্বাঞ্চল দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করলে তিনি নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে দৈনিক অনির্বাণ সম্পাদনা করেন। ১৯৭২-৭৮ খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং ৯১-৯২ সালে সভাপতি নির্বাচিত হন। বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালক হিসেবে দায়িত্ব পালনও করেন। ১৯৮৮ ও ৮৯ সালে বাংলাদেশ এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি নির্বাচিত হন।
সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ :
খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ (৮৪) গেল ৩ জুলাই ভোর রাতে রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শাহাবুদ্দিন আহমেদের জন্ম ১৯৩৯ সালের ১ জানুয়ারি মানিকগঞ্জে। বাবার চাকরির সুবাদে খুলনায় পড়ালেখা করেন। ১৯৬৫ সালে খুলনার স্থানীয় ওয়েভ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। ৪৪ বছরের পেশাগত জীবনে সাপ্তাহিক হলিডে, বাংলাদেশ টাইমস, টেলিগ্রাফ, ফিন্যানশিয়াল এক্সপ্রেস ও ইনডিপেনডেন্ট পত্রিকায় কাজ করেছেন। ১৯৭০-৭১ সালে ছিলেন পাকিস্তানের ডন পত্রিকার খুলনার প্রতিনিধি। সাংবাদিকতায় বিশেষ অবদান এবং বিতর্কের ঊর্ধ্বে থাকায় ২০০৮ সালে সাদা মনের মানুষ হিসেবে জেলা প্রশাসন থেকে স্বীকৃতি পান। চিরকুমার এই সাংবাদিক মৃত্যুর আগ পর্যন্ত রাজধানীর বসুন্ধরায় এক আত্মীয়ের বাসায় অবসর জীবনযাপন করছিলেন।
মোস্তফা কামাল আহমেদ:
দৈনিক যুগান্তর পত্রিকার খুলনা ব্যুরোর সিনিয়র রিপোর্টার মোস্তফা কামাল আহম্মেদের (৫১) বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ইন্তেকাল করেন। পারিবারিক সূত্র জানায়, তিনি গত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। বাড়িতে অক্সিজেন নিচ্ছিলেন। তার করোনা পজেটিভের রিপোর্ট পাওয়া যায়। বৃহস্পতিবার গভীর রাতে অবস্থার অবনতি হলে প্রথমে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা শুক্রবার দিবাগত রাত ২টায় তার মৃত্যু নিশ্চিত করেন। মোস্তফা কামাল আহমেদের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাট। তবে তিনি খালিশপুরের আলমনগরের নিজস্ব বাড়িতে বসবাস করতেন। তার বাবা মৃত মনসুর আহমেদ। মৃত্যুকালে তিনি তিন ছেলে এবং স্ত্রীসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তিনি ৯০ শতক থেকে সাংবাদিকতা শুরু করেন। খুলনার স্থানীয় দৈনিক প্রবাহ, দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ২০১৬ সালের ১ জুন তিনি যুগান্তরের খুলনা ব্যুরো অফিসের সিনিয়র রিপোর্টার হিসেবে যোগদান করেন। ব্যক্তি জীবনে তিনি সদাআলাপী ও মিষ্টভাষী ছিলেন। তিনি খুলনা প্রেস ক্লাবের স্থায়ী সদস্যসহ খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।











































