স্টাফ রিপোর্টার
দৈনিক যুগান্তর পত্রিকার খুলনা ব্যুরোর সিনিয়র রিপোর্টার মোস্তফা কামাল আহম্মেদের (৫১) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৯ জুলাই) দুপুরে নগরীর গোয়ালখালী কবরস্থান তার দাফন করা হয়। এর আগে আলমনগরের রোলিং মিল জামে মসজিদ প্রাঙ্গণে জুময়াবাদ তার জানাজা অনুষ্ঠিত হয়। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পারিবারিক সূত্র জানায়, তিনি গত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। বাড়িতে অক্সিজেন নিচ্ছিলেন। গত বৃহস্পতিবার তার করোনা পজেটিভের রিপোর্ট পাওয়া যায়। বৃহস্পতিবার গভীর রাতে অবস্থার অবনতি হলে প্রথমে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা শুক্রবার দিবাগত রাত ২টায় তার মৃত্যু নিশ্চিত করেন।
মোস্তফা কামাল আহমেদের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাট। তবে তিনি খালিশপুরের আলমনগরের নিজস্ব বাড়িতে বসবাস করতেন। তার বাবা মৃত মনসুর আহমেদ। মৃত্যুকালে তিনি তিন ছেলে এবং স্ত্রীসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তিনি ৯০ শতক থেকে সাংবাদিকতা শুরু করেন। খুলনার স্থানীয় দৈনিক প্রবাহ, দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ২০১৬ সালের ১ জুন তিনি যুগান্তরের খুলনা ব্যুরো অফিসের সিনিয়র রিপোর্টার হিসেবে যোগদান করেন। ব্যক্তি জীবনে তিনি সদাআলাপী ও মিষ্টভাষী ছিলেন। তিনি খুলনা প্রেস ক্লাবের স্থায়ী সদস্যসহ খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।
মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যাক্ষ বিমল সাহা, সিনিয়র সাংবাদিক শাহআলম, ইন্ডিপেনডেন্ট টিভির রিপোর্টার এ এইচ এম শামীমুজ্জামান ও অভিজিৎ পাল, গাজী টিভির লিয়াকত হোসেন, কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, বাংলাদেশ প্রতিদিনের খুলনা রিপোর্টার মাকসুদ আলী, সমকালের খুলনা রিপোর্টার হাসান হিমালয়, সাংবাদিক হুমায়ুন কবির, নুর হাসান জনি, আল মাহমুদ প্রিন্স, সজল, তানজীর, জয়নাল ফারাজী, সোহেল মাহমুদ, এসএম আমিনুল ইসলাম, খলিলুর রহমান সুমন, উজ্জল, জিকো, শান্ত, যুগান্তরের রিপোর্টার আহমদ মূসা রঞ্জু, নূর ইসলাম রকি, ফটো সাংবাদিক এমএম মিন্টু প্রমুখ।
শোক :মরহুমের মৃত্যুতে শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন, খুলনা প্রেস ক্লাবেরসভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। খুলনা সাংবাদিক ইউনিয়ন-কেইউজে’র পক্ষ থেকে বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি হুমায়ুন কবির ও মহেন্দ্র নাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা প্রমুখ। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।











































