Home আঞ্চলিক ‘কালজয়ী মুজিব’ সবার মনন ও চেতনায় প্রেরণা যোগাচ্ছে

‘কালজয়ী মুজিব’ সবার মনন ও চেতনায় প্রেরণা যোগাচ্ছে

140

আল মামুন, খুবি প্রতিনিধি,

গেল ১০ জানুয়ারি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনের জন্য সারাদেশে ক্ষণগণনা (কাউন্টডাউন) শুরু হয়েছে। সে হিসেবে আর মাত্র ১১দিন পর (১৭ মার্চ) জাতি পালন করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ। চলতি বছরের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শততম বছর পূর্ণ হবে। রাষ্ট্রীয়ভাবে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জন্ম শতবর্ষ উদযাপন করা হবে। কাউন্টডাউনের জন্য বিভাগীয় শহরগুলিতে বিভিন্ন জনসমাগমের জায়গায়, সারাদেশে জেলা, সিটি করপোরেশন এবং উপজেলায় ডিভাইস বসানো হয়েছে। জন্মবার্ষিকী উদযাপনে জনগণের সামনে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম উপস্থাপন এবং ত্বরান্বিত উন্নয়ন কার্যক্রম এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত ‘সোনার বাংলা’ নির্মাণের জন্য পরিসেবাগুলো তুলে ধরা হচ্ছে। জাতির পিতার শততম এ বার্ষিকী স্মরণীয় করে রাখতে পিছিয়ে নেই খুলনা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘কালজয়ী মুজিব’।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে নির্মিত ‘কালজয়ী মুজিব’ নামের ম্যুরালটি খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রধান ফটকের পাশেই বিশাল মাথা উচু করে দাঁড়িয়ে আছে। গত ২২ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ম্যুরালটির। এর আগে গতবছর ৮ডিসেম্বর ম্যুলারটির নির্মান কাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ফায়েক উজ্জামান।

বেদিসহ ৩৮ ফুট উচু ও ৪৩ ফুট বিস্তৃত ‘কালজয়ী মুজিব’ নামাঙ্কিত এ শিল্পকর্মে রয়েছে বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি, বিভিন্ন আকৃতির ৮টি স্তম্ভ ও ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ-উৎকীর্ণ একটি প্লেট এবং শ্রদ্ধা নিবেদনের জন্য একটি মঞ্চ। মাঝখানে একই আকারের ৬টি স্তম্ভ রয়েছে এ ৬টি স্তম্ভ বাঙালি জাতির মুক্তিসনদ ৬ দফার প্রতীক। কালো রংয়ের স্তম্ভটি শোকাবহ ১৫ আগস্টের  স্মারক।

ইতঃমধ্যে ম্যুরালটি দেখতে প্রতিনিয়ত শহর ও আশপাশের ভীড় করছে। বিশেষ করে নতুন প্রজন্মের অগ্রহ অনেক বেশি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহ মো. তানভীর আহমেদ গতকাল আসেন ম্যুরালটি দেখতে। ম্যুরাল সম্পর্কে তানভীর জানান, ম্যুরালটিকে ইতিহাসের স্বাক্ষী হিসেবে মুল্যায়ন করা যায়। তিনি বলেন, ৭১ বা স্বাধীনতা সংগ্রাম আমরা দেখিনি ইতিহাস থেকে আমরা শিক্ষা নিচ্ছি। খুবি ছাড়া পদ্মার এপারের অন্য কোন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে এ ধরনের ম্যুরাল নির্মাণ হয়েছে বলে তার জানা নেই উল্লেখ করেন।

কথা হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ফায়েক উজ্জামান-এর সাথে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমিতে গড়ে ওঠা খুলনা বিশ্ববিদ্যালয়ে নির্মিতব্য ‘কালজয়ী মুজিব’ নামাঙ্কিত এ শিল্পকর্ম বঙ্গবন্ধুর প্রতি যথার্থ সম্মান ও শ্রদ্ধার স্মারক হিসেবে অনাগতকাল ধরে শিক্ষার্থীসহ সবার মনন ও চেতনায় প্রেরণা যোগাবে। অন্যদিকে ম্যুরালটি নির্মাণে কাজ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিন।

ভাস্কর্য ডিসিপ্লিন শিক্ষক কনক কুমার পাঠক’র কাছে শিল্পকর্মটির সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, লাল আভার স্তম্ভটি লম্বাভাবে উপরে উঠে অনুভূমিকভাবে সকল স্তম্ভকে বেষ্টন করে একটি কারাগারের প্রতিকৃতি হয়ে উঠেছে। এর মাধ্যমে বঙ্গবন্ধুর ঘটনাবহুল সংগ্রামী জীবনে বার বার কারারুদ্ধ হবার বিষয়টি উপস্থাপন করা হয়েছে। জাতির পিতার প্রতিকৃতির পাশেই রয়েছে গ্রানাইট পাথরে উৎকীর্ণ ইউনেস্কো-স্বীকৃত বিশ্ব-ঐতিহ্যের অংশ, ‘ বাঙালির অভূতপূর্ব জাগরণের বিশুদ্ধ সংগীত’ বঙ্গবন্ধুর ‘৭ মার্চের ঐতিহাসিক ভাষণ’। হাজার বছরের শেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ-কাল পরিধি পেরিয়ে সকল শোষিত, বঞ্চিত, মুক্তিকামী মানুষের পথপ্রদর্শক। কালের গন্ডিকে জয় করে বঙ্গবন্ধু সকল দেশের, সকল কালের। এ শিল্পকর্মের নাম তাই ‘কালজয়ী মুজিব’।

ম্যুরালটির আনুষ্ঠানিক উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রি ডা. দিপু মনি এমপি, খুলন সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডঃ কাজী শহিদুল্লাহ,  খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফায়েক উজ্জামান সহ এবং ম্যুরাল নির্মাণ বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।