স্টাফ রিপোর্টার
আর মাত্র ১১ দিন বাকি। আগামী ১৭ মার্চ থেকে শুরু হচ্ছে মুজিব জন্মশতবর্ষ। পরের বছরের ১৭ মার্চ পর্যন্ত চলবে উৎসব অনুষ্ঠান। সময় যত ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে প্রস্তুতি। সরকারী-বেসরকারী নানা প্রতিষ্ঠান সংঘ সমিতির পক্ষ থেকে নেয়া কর্মপরিকল্পনার কথা জানা যাচ্ছে। মুজিবর্ষ উদযাপনের অংশ হিসেবে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা জানানোর ঘোষণা দিয়েছে সোনালী ব্যাংক। রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির বার্ষিক সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে বাংলার দামাল ছেলেরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। জীবন বাজি রেখে পাকিস্তানের প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন তারা। সাহসী সন্তানরা এগিয়ে এসেছিলেন বলেই আজ আমরা স্বাধীন। এ ঋণ কোনদিন শোধ হওয়ার নয় মন্তব্য করে তিনি বলেন, মুজিববর্ষে আমরা একাত্তরের বীরদের কথা বিশেষভাবে স্মরণ করতে চাই। সম্মাননা জানাতে চাই তাঁদের। সে লক্ষ্যে ব্যাংকের পক্ষ থেকে সারাদেশের সব মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হবে। পাশাপাশি প্রত্যেক মুক্তিযোদ্ধাকে ১ লাখ টাকার চেক প্রদানের ঘোষণা দেন তিনি। উপস্থিত সকলে করতালির মাধ্যমে এ ঘোষণাকে স্বাগত জানান।
এদিকে, কানাডার সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে সেখানে যথাযোগ্য মর্যাদায় মুজিববর্ষ উদযাপন করার কর্মসূচী গ্রহণ করেছে। বাংলাদেশ এবং জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) ঘোষিত মুজিববর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আগামী ১৭ মার্চ সন্ধ্যায় এডমন্টন পাবলিক লাইব্রেরিতে (কেয়ারভিউ) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবক-যুবা ও শিশু কিশোরদের জন্য উৎসর্গকৃত এ অনুষ্ঠানে সংসদ সদস্যসহ আলবার্টা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ সংগঠনের সভাপতি দেলোয়ার জাহিদ বাংলাদেশ কমিউনিটির সবাইকে এ অনুষ্ঠানে অংশ নিয়ে অনুষ্ঠানকে সফল করার আহ্বান জানিয়েছেন।











































