মোংলা প্রতিনিধি
বাগেরহাটের রামপালে লকডাউনে ক্ষতিগ্রস্ত ১০৪টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় রামপাল উপজেলার পেড়িখালী বাজার ও চেয়ারম্যানের মোড় এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি ও পেড়িখালী ইউপি চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুল। মুলত লকডাউন ও করোনা প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের চায়ের দোকানী ও দিনমজুর অসহায় পরিবার চিহ্নিত করে তাদেরকে এ খাদ্য সহায়তা প্রদাণ করছে উপজেলা প্রশাসন। খাদ্য সামগ্রীর মধ্যে দেয়া হয়েছে ৭ কেজি চাল, ২ কেজি আলু, ২ লিটার তেল, ১ কেজি লবণ ও ১ কেজি আম। এর আগে গত মঙ্গল ও বুধবার উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। #











































