
ঢাকা অফিস
ঢাকায় পৌঁছেছে কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের মডার্নার প্রথম চালানের ১২ লাখ ভ্যাকসিন। শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২২ মিনিটে শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে মডার্নার এ টিকা এসে পৌঁছায়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এসময় আনুষ্ঠানিকভাবে টিকা গ্রহণের জন্য বিমাবন্দরে পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, আলাদা দুটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে এই ২৫ লাখ টিকা। দ্বিতীয় ফ্লাইটে বাকি ১৩ লাখ টিকা শনিবার (৩ জুলাই) দেশ পৌঁছাবে বলেও জানান তিনি। মডার্নার টিকা বহনকারী প্রথম ফ্লাইট যখন অবতরণ সময় স্বাস্থ্য মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
এর আগে বুধবার (৩০ জুন) পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, ‘জুলাইয়ের ২ ও ৩ তারিখ দুটি আলাদা ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ২৫ লাখ টিকা দেশে পৌঁছাবে। ওই সময়েই ওয়াশিংটন থেকে যুক্তরাষ্ট্রের ওই টিকা বাংলাদেশের পথে রওনা হয়েছিল বলেও জানান তিনি।










































