০ খবর বিজ্ঞপ্তি
মহামারী করোনা ভাইরাস এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় খুলনাসহ সারাদেশে চলছে কঠোর লকডাউন। খুলনা মেট্টোপলিটন পুলিশ সরকার নির্দেশিত এই কঠোর লকডাউন বাস্তবায়ন করার জন্য মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
খুলনা মহানগরীর প্রবেশদ্বারসহ বিভিন্ন স্থানে সর্বমোট ৩৮টি চেকপোস্ট বসিয়ে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে। কেএমপি’র ৮টি থানা এলাকায় বৃহস্পতিবার (১ জুলাই) চলমান লকডাউন কার্যক্রমে ৭টি মোটরসাইকেলে মামলা করা হয়েছে এবং একটি ইজিবাইক আটক করা হয়েছে।
উল্লেখ্য, খুলনা মহানগরীতে মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি মেনে না চলা এবং অপ্রয়োজনে বাহিরে বের হয়ে ঘোরাঘুরি করার অপরাধে কেএমপি’র বিভিন্ন থানার সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইন অমান্যকারী ১০ জনকে ৩,৪০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, কেএমপি’র ৮টি থানা এলাকায় গত ২২ জুন থেকে লকডাউন কার্যকর করতে ২৯টি মোবাইল টিম, হোন্ডা মোবাইল টিম ১৮টি, পিকেট ডিউটি ৪টি এবং থানা, ফাঁড়ী ও ট্রাফিক পুলিশের সদস্যগণ ২৪ ঘন্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।











































