০ বিনোদন ডেস্ক
ভক্ত-অনুরাগীরা প্রিয় শিল্পীর জন্য কত কি-না করেন। জয়া আহসানের জন্যও তার এক অনুরাগী একটি ছবি এঁকেছেন। যেখানে জয়াকে তুলে ধরা হয়েছে ত্রিনয়নী দেবী রূপে। রাকা বন্দ্যোপাধ্যায় নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে ছবিটি শেয়ার করেছেন জয়া। যার ক্যাপশনে লেখা আছে ‘কমলে কামিনী’। বাংলাদেশ ও ভারতে সাড়া জাগানো অভিনেত্রী জয়াকে সম্মান জানিয়ে ছবিটি আঁকা হলেও বিষয়টি নিয়ে অনেকে ট্রল করা শুরু করেছেন। একজন মুসলিম নারীকে ছবিতে দেবীরূপে তুলে ধরার বিষয়টি অনেকে মানতে পারছেন না। কেউ আবার বলেছেন, আঁকা ছবির সঙ্গে জয়ার খুব একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এর পরও এসব নেতিবাচক মন্তব্যকে পাশ কাটিয়ে অনেকে দেবীরূপী জয়ার ছবির প্রশংসা করেছেন। চিত্রশিল্পীর ভাবনা ও আঁকা ছবিতে জয়াকে যেভাবে তুলে ধরা হয়েছে, তা নিয়েও সাধুবাদ জানিয়েছেন অনেকে। যদিও এ বিষয়ে জয়া নিজে থেকে কোনো মন্তব্য করেননি। তবে ছবিটি যে তার ভালো লেগেছে, তা প্রমাণ করতেই ফেসবুকে শেয়ার করেছেন। জয়া আহসান এখন দেশের পাশাপাশি কলকাতার বেশকিছু ছবিতে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। অভিনয় ছাড়াও সিনেমা প্রযোজনারও প্রস্তুতি চলছে তার।











































