০ বিনোদন ডেস্ক
ছোটপর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। টিভিতে নাটক-বিজ্ঞাপনে নিয়মিত অভিনয় করছেন তিনি। তবে এই গ্ল্যমারকন্যা পর্দায় নিয়মিত প্রেম করলেও বাস্তবে এর বিপরীত। এখনো কোনো সম্পর্কে জড়াননি। লম্বায় এ অভিনেত্রী ৫ ফিট ৮ ইঞ্চি। এ কারণে অনেকে তার সঙ্গে কথা বলতে ভয় পায় বলেও জানান তিনি। তার ভাষ্য, আমাকে প্রথমে দেখলে সবাই ভাবে মুডি। লম্বা হওয়ার কারণে এমনটা সবাই বেশি ভাবে।
আমি আসলে তেমন না। তবে যারা সেই ভয় দূর করে কাছে আসে তারা জানেন আমি কেমন কথা বলি। তখন কথা আর শেষ হয় না। এদিকে এই অভিনেত্রী এখন আসছে ঈদের একক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এরইমধ্যে বর্ণ নাথের ‘গোলাপি এখন প্লেনে’ শিরোনামের নাটকের শুটিং শেষ করেছেন। এর বাইরে তার হাতে কয়েকটি ধারাবাহিক নাটকের কাজও রয়েছে বলে জানান। এর মধ্যে উল্লেখযোগ্য ধারাবাহিক হলো ‘স্মৃতির আল্পনা আঁকি’ ও ‘গোবিন্দপুরের গল্প’। টিভি নাটকের বাইরে হিমি ‘হঠাৎ দেখা’ শিরোনামের একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। গেল বছর বঙ্গবন্ধুর বায়োপিকেও অভিনয় করবেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। কিন্তু সেটি আর হয়নি। ভালো গল্প ও চরিত্র পেলে সামনে চলচ্চিত্রে অভিনয় করবেন বলেও জানালেন এই অভিনেত্রী।











































