0 বাগেরহাট প্রতিনিধি
বাংলাদেশ বিমানবাহিনীর নতুন প্রধান হলেন এয়ার ভাইস মার্শাল শেখ আবদুল হান্নান। তাঁকে আগামী তিন বছরের জন্য বিমানবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে মঙ্গলবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ার ভাইস মার্শাল শেখ আবদুল হান্নানকে ১২ জুন বিকেলে এয়ার মার্শাল পদে পদোন্নতি দেওয়া হবে। ওই দিন থেকে তিন বছরের জন্য বিমানবাহিনীর প্রধান হিসেবে শেখ আবদুল হান্নানকে নিয়োগ দেওয়া হয়েছে। শেখ আব্দুল হান্নান বর্তমান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হবেন।
আগামী ১২ জনু থেকে তিনি নতুন দায়িত্বভার নেবেন। এর আগে ২০১৮ সালে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। ওই বছরের ১২ জুন থেকে তার নিয়োগ কার্যকর হয়। জানা গেছে, তিনি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের কৃতি সন্তান। কচুয়ার সন্তান হিসাবে তিনিই প্রথম বাংলাদেশ বিমান বাহিনী তথা সামরিক বাহিনীর এই উচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন।











































