Home আঞ্চলিক ঝিকরগাছায় বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ, আটক ১

ঝিকরগাছায় বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ, আটক ১

12

০যশোর অফিস

যশোরের ঝিকরগাছা উপজেলার রাধানগর গ্রামে ছয় বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। শিশুটিকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সোহাগ(১৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সোহাগ একই গ্রামের মফি মিয়ার ছেলে।

নির্যাতিত শিশুর বাবা জানান, সোমবার বিকেলে তার মেয়ে রাধানগর বাজারের যায়। তারা বাজারের পাশে আরো কয়েকটি শিশুর সাথে খেলা করছিল। সেসময় বাজারের চায়ের দোকানদার সোহাগ তাকে মিষ্টি দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায়। এরপর তার দোকানের ভেতর নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। রক্তক্ষরণ শুরু হলে কাউকে কিছু না বলার কথা বলে তাকে ছেড়ে দেয়। মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফেরে। এসময় তার গোপানাঙ্গ থেকে রক্ত বের হচ্ছিল। ধর্ষণের বিষয়টি বুঝতে পেরে তিনি তা স্থানীয় চেয়ারম্যানকে জানান। এরপর চেয়ারম্যানকে সাথে নিয়ে থানায় যান এবং পরে মেয়েকে হাসপাতালে ভর্তি করেন।

ঝিকরগাছা থানার ডিউটি অফিসার এএসআই মহিদুল ইসলাম জানান, ধর্ষিতা মেয়েটিকে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে যশোর ২৫০ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছে। ধর্ষিতার বাবা থানায় অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। যার নং- ০২, তারিখ-১১/০৫/২০২১ ইং। সেই মামলা মোতাবেক তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

যশোর ২৫০ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, তারা শিশুটির শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন। রিপোর্ট পেলে বলা সম্ভব হবে সে ধর্ষিত হয়েছে কি-না!

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, স্থানীয় চেয়ারম্যান নির্যাতিত শিশু ও তার বাবাকে থানায় নিয়ে এসে অভিযোগ দেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় চা দোকানি সোহাগকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।