তিন পুরুষের ভোগ দখলীয় পৈত্রিক সম্পত্তি রাতে আঁধারে প্রতিপক্ষকে জবর দখলে সহায়তা করায় হরিঢালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই মনিরুজ্জামান হাজরার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এক ভুক্তভোগী। ভুক্তভোগী জাহাঙ্গীর মোড়ল মহা পুলিশ পরিদর্শক, বিভাগীয় পুলিশ প্রধান (ডি আইজি), জেলা পুলিশ সুপার, জেলা অতিরিক্ত পুলিশ সুপারসহ পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ প্রেরন করেছেন।
বিভিন্ন দফতরে প্রেরিত অভিযোগ সূত্রে জানাযায়, পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের নোয়াকাটী গ্রামের দিন মজুর জাহাঙ্গীর মোড়লের উত্তর সলুয়া মৌজায়-সাড়ে আট শতক মূল্যবান ডাঙ্গা সম্পত্তিটি গত ১৩ এপ্রিল রাত সাড়ে বারোটার দিকে একই গ্রামের প্রভাবশালী ভূমিদস্যু মোস্তাম মোড়ল ঘেরা বেড়া দিয়ে জবর দখল করে নেয়। এস,আই মনিরুজ্জামানের যোগ সাজসে ও তার প্রত্যক্ষ সহযোগিতায় দিন মজুর জাহাঙ্গীর মোড়লের শেষ সম্বল ওই জায়গাটুকু মোস্তাম মোড়ল দখল করে নেয় বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।
অভিযোগে আরও উল্লেখ করেন ঘটনার রাতে প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে জমি জবর দখল করতে এলে তিনি এস, আই মনিরুজ্জামানকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি। এরপর ওই ক্যাম্পের এ এস আই কামরুজ্জানকে ফোন দিলে ইনচার্জ বাইরে আছেন বলে জানান। নিরুপায় হয়ে তিনি কপিলমুনি ফাঁড়ির প্রাক্তন ইনচার্জ সঞ্জয় দাশকে ঘটনাটি জানালে তিনি তার টহল পুলিশকে ঘটনাস্থলে যেয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এ টি এস আই জাহিদুর টহল পুলিশের টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে যেয়ে জবর দখলে নিয়োজিত মোস্তাম মোড়লের ছেলে আলমগীরকে আটক করে কপিলমুনি ফাঁড়িতে আনার পূর্ব মুহূর্তে পাশেই অবস্থান করা এস আই মনিরুজ্জামান এসে আলমগীরকে ছাড়িয়ে নেয়। এ ঘটনার পরপরই গভীর রাতে এস,আই মনিরুজ্জামান দিন মজুর জাহাঙ্গীরসহ তার বৃদ্ধ পিতা ও ছোট ভাইকে তাদের বাড়ি থেকে আটক করে হরিঢালী পুলিশ ক্যাম্পের যাওয়ার সময় রাস্তায় তার পিতা ও ছোট ভাইকে ছেড়ে দিয়ে জাহাঙ্গীরকে বিনা দোষে রাতভর ক্যাম্পে আটকে রাখেন। পরদিন সকালে জাহাঙ্গীরের শ্যালকের কাছে ৫ হাজার টাকা দাবি করে জাহাঙ্গীরকে ছাড়িয়ে নিয়ে যেতে বলে মনিরুজ্জামান। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্যাম্প ইনচার্জ একটি সাদা কাগজে জাহাঙ্গীরের স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেয়। এ নিয়ে আমার বিরুদ্ধে কথা বললে সাদা কাগজটি তার জন্য কাল হবে বলে মনিরুজ্জামান জাহাঙ্গীরকে হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ করেন জাহাঙ্গীর।
ঘটনার বেশ কিছুদিন আগে জমি দখলের পায়তারার বিষয়টি লিখিত অভিযোগ করলে প্রতিপক্ষের বিরুদ্ধে জিডি, প্রসিকিউশন এবং মটর সাইকেলের তেল ও খরচা বাবদ এস,আই মনিরুজ্জামান জাহাঙ্গীরের কাছ থেকে ৯ হাজার টাকা হাতিয়ে নেন। এছাড়া এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এলাকায় বহু অপকর্মের অভিযোগ রয়েছে। এদিকে এই আলোচিত ক্যাম্প ইনচার্জ প্রায় ১৫ দিন যাবৎ ছুটিতে রয়েছেন বলে জানাযায়।
– কপিলমুনি (খুলনা) প্রতিনিধি











































