পাইকগাছায় পোস্টাল লাগানোকে কেন্দ্র করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নেতৃত্বে বর্তমান চেয়ারম্যান সহ প্রায় ৩৬জনকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। ভাংচুর করা হয়েছে বাড়ী, ঘর ও মোটরসাইকেল। আহতদের হাসপাতালে নিতে পথে পথে বাঁধা প্রদান। অবশেষে পুলিশ প্রহরায় গুরুতর জখমীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে তথ্য সংগ্রহে গেলে হাসপাতালে দু’জন সাংবাদিককে লাঞ্ছিত করে মোবাইল কেড়ে নেয়ার ঘটনা ঘটেছে।

জানা যায়, শনিবার সকালে বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী এস,এম, এনামুল হকের পোস্টাল লাগাতে গেলে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা তাতে বাঁধা প্রদান করেন। এ সময় পোস্টার কেড়ে নিয়ে ছিঁড়ে ফেললে বিষয়টি প্রতিপক্ষ প্রার্থী এনামুলকে জানালে তিনি তার কয়েকজন কর্মী নিয়ে ঘটনাস্থলে যায়। নৌকা প্রতীকের প্রার্থীরা এ সময় অতর্কিতভাবে তাদেরকে ধাওয়া করলে সোলাদানার বেতবুনিয়া গ্রামের লাভলু গাজী ও তার বোন মনিরার বাড়ীতে আশ্রয় নেয়। এ সময় নৌকা প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী আব্দুল মান্নান গাজী, রবি গাজী, আবু সাইদ কালাইয়ের নেতৃত্বে ৩-৪ শ লোক লাভলু ও মনিরার বাড়ী-ঘর ভাংচুর করে চেয়ারম্যান এনামুল, কিশোর কুমার মন্ডল, মুজিবুর রহমানকে এলোপাতাড়ী কুপিয়ে মারাত্মক জখম করে।
চেয়ারম্যান এনামুলের কর্মী-সমর্থকরা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে বলে আহত শামীম, মুজিবর সহ অনেকেই জানান। চেয়ারম্যান এনামুল হক, শামীম ও কিশোরের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। অবস্থা মারাত্মক আকার ধারণ করলে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে থানাপুলিশ জানিয়েছে। এদিকে আহতদের পাইকগাছা হাসপাতালে আনার সময় পথে পথে বাঁধা দেয়া হয়। অবশেষে পুলিশ প্রহরায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে জয়যাত্রা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি আসাদুল ইসলাম আসাদ ও দৃষ্টিপাত পত্রিকার পাইকগাছা প্রতিনিধি ফসিয়ার রহমান হাসপাতালে আহতদের তথ্য সংগ্রহে গেলে তাদেরকে লাঞ্ছিত করে মোবাইল কেড়ে নেয় বলে তারা জানায়।

নৌকা প্রার্থী মান্নান গাজী জানান, চেয়ারম্যান মুখ খারাপ করায় স্থানীয় লোকেরা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে মারপিট করে। ওসি এজাজ শফী জানান, ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং স্থানীয় হাফিজুর রহমান, রফিক ও অহেদ আলীকে আটক করা হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে খুলনা জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমির এজাজ খানসহ নেতৃবৃন্দ আহত চেয়ারম্যান এনামুলকে দেখতে হাসপাতালে যান এবং চিকিৎসার খোজ খবর নেন।
– স্টাফ রিপোর্টার











































