শরণখোলায় পৃথক পৃথক নির্বাচনী সহিংসতায় কমপক্ষে ২৫জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের দুটি ওয়ার্ডে মেম্বর পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পরবর্তী সহিংসতা এড়াতে দুটি ওয়ার্ডেই পুলিশি টহল জোরদার করা হয়েছে।
হাসপাতাল ও আহতদের সুত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার ১নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী জাহাঙ্গীর হাওলাদার ও ডালিম হাওলাদারের সমর্থকদের মধ্যে সোনাতলা গ্রামের আনোয়ার ফকিরের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। সোনাতলা গ্রামের মিজান মৃধা (৪৮), হারুন ফরাজী (৫৫), আনোয়ার ফকির (৫০), হারুন ফকির (৫২), আবু ফকির, রেজাউল হাওলাদার (৪০), নোমান হাওলাদার (১৮), রুপাই মোল্লা (৭০) প্রতিপক্ষের হামলার শিকার হয়ে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। অপরদিকে, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী হালিম শাহ ও আল-আমিন খানের সমর্থকদের মধ্যে দক্ষিণ সাউথখালী গ্রামে হামলার ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় আহতরা হলেন আঃ রব চৌকিদার (৫৫), শাহিনুর (৩৫), সরোয়ার মোল্লা (৪৫), আনোয়ার শাহ (৪৫), হানিফ হাওলাদার (৫৫), জসিম হাওলাদার (৩০), আবুল মোল্লা (৪০), জহোরা বেগম (৩৮), আমেনা বেগম (৫০), আকলিমা বেগম (৪৫), লাভলী বেগম (৪৫), আনোয়ারা (৭০), তানিয়া (৩৫), তানজিলা বেগম (৫০), ছগির শাহ (৩৮), সুমন খান (৩৫)। আহতরা শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এ ব্যাপারে ইউপি সদস্য পদপ্রার্থী জাহাঙ্গীর হাওলাদার বলেন, সকাল সাড়ে ১০টার দিকে তার কর্মী এমাদুল ঘরামী এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বর্তমান মেম্বর শফিকুল ইসলাম ডালিমের সমর্থক হাবিব ফকিরের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনাটি হাবিব ফকির ফোনে জানালে ডালিম মেম্বরের নেতৃত্বে ২৫-৩০ জন লোক লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে তার ৯জন কর্মীকে রক্তাক্ত জখম করে। অপরদিকে, বর্তমান মেম্বর শফিকুল ইসলাম ডালিম জানান, তার কর্মী হাবিব ফকিরকে জাহাঙ্গীরের লোকজন মারধর করলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। হামলার ভয়ে তাদেরকে হাসপাতালে না পাঠিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
অপরদিকে, সাউথখালী ওয়ার্ডের বর্তমান মেম্বর সাইফুল ইসলাম হালিম শাহ জানান, সকাল ১০টার দিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আল-আমীন খানের শতাধিক কর্মী-সমর্থক মিছিল নিয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা বাড়ি ভাঙচুর করে এবং কর্মীদের এলোপাতাড়ি পিটিয়ে আট জন নারীসহ তার ১৪ জন কর্মীকে আহত করে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ওই দুটি এলাকাতেই পুলিশ টহলে রয়েছে। এব্যাপারে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
–শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি











































