Home আঞ্চলিক আত্মসম্মান বোধসম্পন্ন জাতি হতে দরকার সরকারের রাজস্বকে শক্তিশালী করা: চেয়ারম্যান

আত্মসম্মান বোধসম্পন্ন জাতি হতে দরকার সরকারের রাজস্বকে শক্তিশালী করা: চেয়ারম্যান

14

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, জাতীয় অর্থনীতিতে রাজস্ব আহরণের অন্যতম উৎস হচ্ছে ভ্যাট। রাজস্ব বৃদ্ধি ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। সরকারের ব্যয় নির্বাহসহ সম্পদের সুষম বণ্টন ও সামাজিক বৈষম্য হ্রাসে রাজস্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি গতকাল শুক্রবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ২০২১-২০২২অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, ভ্যাট প্রদানে ব্যবসায়ীদের ভীতির কোনো কারণ নেই। এখন অনলাইনেও ভ্যাট প্রদান করা যায়। করোনাকালে প্রায় ৭০ শতাংশ ব্যবসায়ী অনলাইনে ভ্যাট প্রদান করেছেন। দেশের বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো এখন নিজস্ব অর্থায়ণে বাস্তবায়ন করা হচ্ছে। করদাতা ও ব্যবসায়ীদের  আয়কর ও ভ্যাট প্রদানে উৎসাহিত করতে কর আদায় পদ্ধতি সহজ করা হয়েছে। রাজস্ব আহরণ বাড়াতে করদাতার সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হচ্ছে। আমরা সে লক্ষ্যে সার্ভে করছি।

তিনি বলেন, আমরা কখনোই পরনির্ভশীল একটি জাতি হয়ে থাকতে চাই না। আমরা চাই না উন্নয়ন কর্মকান্ডের জন্য বিদেশী অর্থের প্রতি মুখাপেক্ষী হয়ে থাকতে। আমরা চাই মাথা উঁচু করে নিজের ভাগ্যের উন্নয়ন নিজে করতে। কারও কাছে হাত পেতে নয়। দেশের উন্নয়নকে ত্বরান্বিত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা দ্রুত বাস্তবায়ন করার জন্য আপনারা সবাই রাজস্ব বোর্ডকে সহায়তা করে যাবেন।

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (ভ্যাট নীতি) মো. মাসুদ সাদিক, সদস্য (শুল্ক নীতি ও আইসিটি) সৈয়দ গোলাম কিবরিয়া ও সদস্য (আয়কর নীতি) মো. আলমগীর হোসেন।

সভায় খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও সদস্যদের কথা তুলে ধরেন।

এ সময় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার কমিশনার, মোংলা কাস্টমস হাউসের কমিশনার, খুলনা কর অঞ্চলের কর কমিশনারসহ খুলনা ও বরিশাল চেম্বারের নেতারা উপস্থিত ছিলেন।