সাত্তার মোল্যার বেদুঈন সাত্তার হওয়ার গল্পটা যেমন মজার, তেমনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু নিহত হওয়ার পর থেকে ২০১০ সালে হত্যাকারীদের ফাঁসি না হওয়া পর্যন্ত খালি পায়ে থাকার গল্পটাও প্রতিবাদের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। গল্পটা সাত্তার মোল্যা নিজেই বললেন। গত রোববার (৭ মার্চ) বিকেলে নবতিপর এই মানুষটির সঙ্গে কথা বলতে তার বাড়িতে গেলে তিনি হেসে বললেন, ‘কি আমার জীবনের শেষ সাক্ষাৎকার নিতে এসেছ?’ দীর্ঘায়ু কামনার কথা বলার পরও খুব উদ্দীপ্ত হলেন না। বরং বঙ্গবন্ধু তাকে যখন বেদুঈন উপাধি দিলেন, সেই গল্পটা জানতে চাইলে ৯৫ বছর বয়সী মানুষটি দারুণ উৎফুল্ল হয়ে উঠলেন। জানালেন, সেটা ১৯৭৩ সালের কথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসেছিলেন খুলনার সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত এক জনসভায়। সভায় নড়াইলের দুই সংসদ সদস্যসহ নেতারা সবাই উপস্থিত হয়েছিলেন। সভা শুরুর আগে মঞ্চ থেকে বঙ্গবন্ধু জানতে চান, ‘নড়াইলের সাত্তার আসেনি, সাত্তার কই?’ বঙ্গবন্ধুর এই প্রশ্নে আওয়ামী লীগ সরদার আব্দুস সাত্তার বঙ্গবন্ধুর সামনে এগিয়ে গিয়ে বলেন, ‘এই যে আমি।’ তখন বঙ্গবন্ধু বলেন, ‘আরে এ সাত্তার নয়, আমার বেদুঈন সাত্তারকে খুঁজছি।’ এরপর সাত্তার মোল্যা দৌড়ে বঙ্গবন্ধুর কাছে চলে যান। বঙ্গবন্ধু বলেন, ‘তুই তো সব জনসভায় থাকিস, সবখানেই তোকে পাওয়া যায়, তুই তো বেদুঈন; আজ থেকে তোর নাম বেদুঈন সাত্তার।’ সেই থেকে নড়াইলের কালিয়া উপজেলার বিষুষ্ণপুর গ্রামের সাত্তার মোল্যা হয়ে যান ‘বেদুঈন সাত্তার’। বেদুঈন সাত্তার বললে নড়াইলে এক নামে সবাই চেনেন তাকে।
বঙ্গবন্ধুর সঙ্গে বেদুঈন সাত্তারের পরিচয় এবং ঘনিষ্ঠতা আরও অনেক আগের। বয়সের ভারে এখন ঠিকমতো চলতে-ফিরতে না পারলেও বঙ্গবন্ধু ও তার পরিবারের সঙ্গে বিভিন্ন স্মৃতি একটুও মুছে যায়নি। তিনি জানান, দেশ বিভাগের পর ১৯৪৯ সাল থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৬০ সালে বঙ্গবন্ধু তাকে নড়াইল সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শোনার সৌভাগ্য হয়েছিল আমার। নড়াইল, যশোর, খুলনা, ফরিদপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যেখানে বঙ্গবন্ধু আসতেন জনসভা করতে আমি ছুটে যেতাম। বঙ্গবন্ধু আমাকে নিয়ে গিয়েছিলেন তার ফুপুর বাড়ি নড়াইলের কামালপ্রতাপ গ্রামে। সময় পেলেই কালিয়া থেকে ভ্যানে এবং হেঁটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাড়িতে চলে যেতাম।’
প্রবীণ এই মানুষটি সবসময়ই ছন্দ মিলিয়ে কথা বলতে পছন্দ করেন, ‘পোশাক-পরিচ্ছদ যাই বলো সবই হলো ভুয়া- আসল কাম হলো খাওয়া আর খাওয়া।’ তার গল্পের অধিকাংশ সময়জুড়ে ছিল নিজের খাওয়ার গল্প- ‘খাবার সময় হলে বঙ্গবন্ধু ভাবিকে ডেকে বলতেন রেণু, সাত্তারকে গামলায় ভাত দাও, প্লেটে খেলে ওর পেট ভরবে না। ভাবি আমাকে খেতে দিতেন আর আমার খাওয়া দেখে বাড়ির সবাই হাসাহাসি করত। আমি ওই বাড়ি গিয়ে নিজে গাছের আম ও ছোলম লেবু পাইড়ে খাইছি।’
বেদুঈন সাত্তারের বঙ্গবন্ধু পরিবারে গ্রহণযোগ্যতা ছিল যথেষ্ট। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হাসিনা তখন ছোট। ও পুকুরে গোসল করছিল। আমি বঙ্গবন্ধুকে ছন্দে ছন্দে বললাম ও তো তেলো টাকির পোনা না, ভাই তো টাকির পোনা না, এ হলো রেণুর পোনা।’ নিজেই বুঝিয়ে দিলেন, ‘আমাদের ভাবি বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ডাক নাম রেণু। তাই আমি হাস্যরস করে হাসিনাকে রেণুর পোনা বানিয়ে ছড়া বানিয়েছিলাম। বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসের এক পা টেনে হাঁটতেন, তাই আমি তাকে ডাকতাম তৈমুর লং বলে। টুঙ্গিপাড়ার বাড়িতে গেলে নাসেরও আমাকে অনেক আপ্যায়ন করতেন।’
‘আমি ভালো খাতাম বলে বঙ্গবন্ধু আমাকে খেতে বসেই ডাক দিতেন। আমিও তার ডাকের অপেক্ষা করে থাকতাম’- বললেন বেদুঈন সাত্তার। তিনি বলেন, ‘খেতে আমি ভালোবাসতাম। বঙ্গবন্ধুর খেতে বসাটা ছিল অনেক আনন্দের। তিনি খাওয়াতে ভালোবাসতেন। একবার নড়াইলের ডাকবাংলোয় বঙ্গবন্ধুর মিটিং শেষে অন্যরা চলে গেলেও আমি খাওয়ার জন্য বসে ছিলাম। ১৯৭৩ সালে খুলনায় সার্কিট হাউস মাঠের জনসভা শেষেও বসে ছিলাম।’ বঙ্গবন্ধুর সঙ্গে কীভাবে পরিচয় ঘটে- এমন প্রশ্নে তিনি জানালেন, বঙ্গবন্ধুর বিভিন্ন জনসভায় যেতেন। গিয়ে সবার আগে বসতেন। তার দীর্ঘদেহের কারণে পেছনের অনেকেরই সমস্যা হতো, তারা চেঁচামেচিও করতেন। একদিন বঙ্গবন্ধু দেখলেন যেখানে যান, সেখানেই এই লোকটি সামনের সারিতে বসে। তখন এক মিটিংয়ে, কোন মিটিং তা আর মনে করতে পারেননি।
১৯৭৫ সালের ১৫ আগস্টের স্মৃতিচারণ করতে বললে বঙ্গবন্ধুর বেদুঈন সাত্তার এখনও কাঁদেন। তিনি বলেন, ১৫ আগস্ট সকালে বাঁশগ্রাম বাজারে এসে জানতে পারেন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। খবর শুনেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপর থেকে দীর্ঘ ৩৪ বছর স্যান্ডেল, গেঞ্জি পরেননি। রোদ-বৃষ্টিতেও ছাতা মাথায় দেননি। পায়ের তালু ফেটে গিয়েছে, প্রচণ্ড শীতে কাঁথা গায়ে বের হয়েছেন, তবু চাদর পরেননি। বঙ্গবন্ধুর প্রতি তার এই শ্রদ্ধা আর ভালোবাসা দেখে অনেকে বাহবা দিয়েছে, আবার হেনস্তাও করেছে অনেকেই। ২০১০ সালে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকরের খবর শুনে ওইদিন থেকে আবার স্যান্ডেল, চাদর ও ছাতা ব্যবহার করতে শুরু করেন।
১৯২৬ সালে তৎকালীন নড়াইল সদর থানার রামসিদ্ধি গ্রামে জন্মগ্রহণ করেন সাত্তার মোল্যা। বাবা নোয়াই মোল্যা ছিলেন একজন ভূস্বামী এবং ব্রিটিশ খেদাও আন্দোলনের নেতা। ৬ ফুট ৩ ইঞ্চি লম্বা সাত্তার মোল্যা বাঁশগ্রাম-বিষুষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শুরু করেন। কালিয়ায় খাসিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন কিছুকাল। বিভিন্ন সময় নেতাদের মুখের ওপর উচিত কথা বলতে পিছপা হননি। তার এই প্রতিবাদী চরিত্রের কারণে বিভিন্ন সময় নেতাদের বিরাগভাজন হয়েছেন। তিনি কখনও পদ-পদবি এবং জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা পোষণ করেননি। তার সেজো ছেলে সিরাজুল ইসলাম হীরক বর্তমানে কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁচুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘নড়াইলে যোগদানের পর বেদুঈন সাত্তারের কথা শুনেছি। আমাদের জন্য সৌভাগ্য যে এ ধরনের শ্রদ্ধাভাজন একজন মানুষ বেঁচে রয়েছেন। ইচ্ছা রয়েছে খুব শিগগির বঙ্গবন্ধুর এই ঘনিষ্ঠজনের বাড়িতে যাব দেখা করতে।’
–সমকাল











































