Home আঞ্চলিক খুলনায় ১৯ হাজার বার কোরআন খতম, ৫ লক্ষাধিক মানুষের দোয়া

খুলনায় ১৯ হাজার বার কোরআন খতম, ৫ লক্ষাধিক মানুষের দোয়া

5

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৯ হাজার ২০০ বার কোরআন খতম করিয়েছে খুলনা জেলা প্রশাসন। এছাড়া বুধবার বিকেল সাড়ে ৫টায় খুলনা জেলা স্টেডিয়ামে ৫ লক্ষাধিক মানুষের অংশগ্রহণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে জেলা স্টেডিয়ামে ছয় হাজার ৬৬৬ জন আলেম, সহস্রাধিক বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া খুলনা জেলার এক হাজার ৮০০ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, এক হাজার ২০০ মসজিদের মুসল্লিসহ লক্ষাধিক মানুষ অনলাইন জুম প্রযুক্তিতে এই দোয়া ও মোনাজাতে যুক্ত হন।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রায় পাঁচ লক্ষাধিক মানুষের যৌথ মোনাজাত ইতোপূর্বে কখনও হয়নি।

খুলনা জেলা স্টেডিয়ামে গিয়ে দেখা গেছে, বিকাল ৫টার আগেই খুলনার বিভিন্ন মাদ্রাসার ছয় হাজার ৬৬৬ জন আলেম, সহস্রাধিক বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মুসল্লি স্টেডিয়ামে সমবেত হয়েছেন। বিকেল ৫টায় স্টেডিয়ামের মাঠেই তারা আসরের নামাজ আদায় করেন।

নামাজ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ আগস্টে তার পরিবারের শহীদ সদস্যদের এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ৩০ লাখ শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানের শুরুতে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, ১৭ মার্চের আগেই খুলনা জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও হেফজখানায় ১৯ হাজার ২০০ বার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে খতম সম্পন্ন হয়েছে।

দোয়া অনুষ্ঠানে খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, আওয়ামী লীগ নেতা এসএম কামাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।